আবহাওয়ায় দ্রুত পরিবর্তন আসছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আজ অর্থাৎ বুধবার থেকেই দক্ষিণে শুরু হচ্ছে ড্রাই স্পেল। অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টি নেই বললেই চলে। এরই মধ্যে বাড়বে দিনের তাপমাত্রা।

প্রতীকী ছবি (এআই)
শেষ আপডেট: 1 April 2026 09:42
দ্য ওয়াল ব্যুরো: চৈত্রের শেষভাগে রাজ্যের আকাশে স্পষ্ট হয়ে উঠেছে মৌসুমি অস্থিরতার প্রভাব। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি, দমকা হাওয়া এবং হালকা বজ্রপাতের মধ্যে দিয়ে কেটেছে দিন (West Bengal Weather)। সোমবার কলকাতা-সহ (Kolkata Weather) আশপাশের জেলায় যেভাবে হালকা বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে গিয়েছিল, মঙ্গলবারও সেই চিত্র খুব একটা বদলায়নি। তবে এবার ধীরে ধীরে বৃষ্টি বিমুখ হতে চলেছে দক্ষিণবঙ্গ (Rain Forecast)। তবে কোথাও কোথাও হালকা বৃষ্টি দেখা যেতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি একটি নিম্নচাপের কারণে বাতাসে জলীয় বাষ্প বেড়েছে। ফলে বুধবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update in Bengal)। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম- এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।
এদিকে তাপমাত্রাও ক্রমশ চড়ছে। আজ কলকাতার (Kolkata Weather Today) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রের পরিস্থিতিও খুব একটা অনুকূল নয়। তাই মৎস্যজীবীদের আপাতত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
তবে আবহাওয়ায় দ্রুত পরিবর্তন আসছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আজ অর্থাৎ বুধবার থেকেই দক্ষিণে শুরু হচ্ছে ড্রাই স্পেল। অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টি নেই বললেই চলে। এরই মধ্যে বাড়বে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষ দিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপমাত্রা পৌঁছতে পারে ৩৭–৩৮ ডিগ্রি সেলসিয়াসে।
উত্তরবঙ্গে (North Bengal Weather) অবশ্য পরিস্থিতি ভিন্ন। সেখানে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণে বৃষ্টি কমলেও উত্তরে ধারাবাহিকভাবে আর্দ্রতা ও মেঘলা ভাব বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস।
তবে গরম বাড়লেও একেবারে ভয় পাওয়ার প্রয়োজন নেই। কারণ পূর্বাভাস বলছে, আগামী রবিবার বিকেলের পর ফের হাওয়া বদল হতে পারে। আবার স্কোয়াল লাইন তৈরি হয়ে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে নতুন করে ঝড়-বৃষ্টি ফিরতে পারে।
অর্থাৎ এপ্রিলের শুরুতে গরম ও বৃষ্টির পালাবদল চলতে থাকবে। গত বছরের মতো টানা তাপপ্রবাহের আশঙ্কা ২০২৬ সালের এপ্রিল মাসে আপাতত নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।