দিনের গরমও বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৯ থেকে ৩১ ডিগ্রির মধ্যে। অর্থাৎ এই সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে গরমের ইনিংস (Summer In Bengal)

আবহাওয়ার আপডেট
শেষ আপডেট: 17 February 2026 10:06
দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই বিদায় নিতে শুরু করেছে শীত (Winter in Bengal)। যদিও ভোর ও রাতের শেষে এখনও একটু ঠান্ডা অনুভব করা যাচ্ছে। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছেন, এবারের মতো শীত কার্যত শেষের পথে। দিনে রোদের তেজ বাড়ছে এবং রাতের ঠান্ডাও ধীরে ধীরে কমে আসছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতায় (Kolkata Weather) তাপমাত্রা আর ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে না। মঙ্গলবার এবং বুধবার তাপমাত্রা থাকবে ১৬-১৭ ডিগ্রির মধ্যে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। সপ্তাহের শেষদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসে।
এদিকে দিনের গরমও বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৯ থেকে ৩১ ডিগ্রির মধ্যে। অর্থাৎ এই সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে গরমের ইনিংস (Summer In Bengal)
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই বাড়তে চলেছে তাপমাত্রা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া- সব জেলাতেই অনুভূত হবে একই ধরনের পরিবর্তন। বৃহস্পতিবারের পর থেকেই বদলে যাবে হাওয়ার দিক, তাতেই রাতের ঠান্ডা মিলিয়ে যাবে ধীরে ধীরে।
বর্তমানে উত্তর-পশ্চিম ভারতের পাহাড়ি অঞ্চলে সক্রিয় রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এটি পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। পাশাপাশি নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এই দুই সিস্টেমের মিলিত প্রভাবে বাতাসের গতিপ্রকৃতি বদলাচ্ছে, যার জেরে দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা।
উত্তরবঙ্গে এখনও শীতের আমেজ
দক্ষিণবঙ্গে গরম আসতে শুরু করলেও উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather) আপাতত একই থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং- সব জায়গায় তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। পাহাড়ি অঞ্চলে আরও কয়েকদিন থাকবে শীতল আবহাওয়া।
কুয়াশা কমলেও সতর্কতা প্রয়োজন
শীতের কামড় থেকে কিছুটা মুক্তি মিললেও গত কয়েক সপ্তাহে ব্যাপক দাপট দেখিয়েছিল কুয়াশা (Fog Update)। এখন অবশ্য তা অনেকটাই কমে গিয়েছে। আগামী কয়েক দিনও কুয়াশা কম থাকারই সম্ভাবনা। তবে ভোরে দৃশ্যমানতা কিছুটা কম থাকতে পারে, তাই সকালে বের হলে সতর্ক থাকা ভাল।
আপাতত রাজ্যের আকাশ শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা (Rain Forecast) নেই। বরং দিনের বেলা রোদের তেজ আরও বাড়তে পারে।