রবিবারও বৃষ্টি (Rain Forecast) চলবে দক্ষিণবঙ্গে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস (ফাইল ছবি)
শেষ আপডেট: 21 March 2026 09:16
দ্য ওয়াল ব্যুরো: চৈত্র মাসে, বসন্তের মাঝেই ফের দাপট দেখাতে শুরু করেছে বৃষ্টি (Rain Forecast)। শুক্রবার সারা রাতের টানা বৃষ্টিতে ভিজে গেছে শহর থেকে জেলা। সকালে বেরিয়েই ভেজা রাস্তা-ঘাট আর ঠান্ডা হাওয়ার স্পর্শ টের পেয়েছে মানুষজন। শনিবারও তার অন্যথা নয়, আজ আকাশে মেঘের ভ্রুকুটি, দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update Today)। কোথাও কোথাও দেখা দিতে পারে শিলাবৃষ্টি। উত্তর থেকে দক্ষিণ- রাজ্যজুড়েই এদিন আবহাওয়া অস্থির থাকার সম্ভাবনা।
দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা
শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে যেকোনও সময় (Kolkata Weather)। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে শহর ও আশপাশের এলাকায়।
বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু অঞ্চলে আজ ঝড়ো হাওয়ার গতি আরও বেশি হতে পারে- ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত। সেই সঙ্গে থাকতে পারে শিলাবৃষ্টির সম্ভাবনাও। কলকাতা ও বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (West Bengal Today) দমকা হাওয়ার গতি ৫০-৬০ কিমির মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস।
রবিবারও বৃষ্টি (Rain Forecast) চলবে দক্ষিণবঙ্গে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় রবিবার হালকা বৃষ্টিপাত দেখা যেতে পারে।
ঝড়বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা এক লাফে কমে গিয়েছে প্রায় ছ’ডিগ্রি। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবার কমে দাঁড়ায় ১৯.২ ডিগ্রি—স্বাভাবিকের চেয়েও ৪.৪ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানাচ্ছে, টানা দু’দিন তাপমাত্রা কমে থাকার পর ফের তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে পারদ।
উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গেও (North Bengal) আবহাওয়া বেশ খারাপ থাকবে। শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। তিন জেলায়- দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে শিলাবৃষ্টিও হতে পারে।
মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়িতে আজ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা। রবিবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে।
অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের যুগল প্রভাবে রাজ্যজুড়ে এই বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সমুদ্র আজ উত্তাল থাকবে। সেই কারণে শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ–উত্তরপ্রদেশ হয়ে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণ অসম পেরিয়ে নাগাল্যান্ড পর্যন্ত প্রসারিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় অবস্থান করা এই অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। ফলে সমগ্র রাজ্যেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।