শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ওই পাঁচ জনকে থানায় ডাকা হয়েছিল। সেখানেই জেরার মাঝপথে তাঁদের গ্রেফতার করা হয়। শনিবার তাঁদের শিয়ালদহ আদালতে তোলা হবে।

মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 21 March 2026 00:05
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফট দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় (RG Kar Hospital Lift Death) তদন্তে নেমেই বড়সড় পদক্ষেপ করল পুলিশ। পাঁচ জনকে গ্রেফতার (RG Kar Hospital Lift case arrest) করেছে টালা থানা। ধৃতদের মধ্যে রয়েছেন তিন জন লিফটম্যান ও দুই নিরাপত্তারক্ষী।
শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ওই পাঁচ জনকে থানায় ডাকা হয়েছিল। সেখানেই জেরার মাঝপথে তাঁদের গ্রেফতার করা হয়। শনিবার তাঁদের শিয়ালদহ আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন মিলনকুমার দাস, বিশ্বনাথ দাস, মানসকুমার গুহ, আশরাফুল রহমান ও শুভদীপ দাস।
ঘটনার কেন্দ্রবিন্দু ৪০ বছরের অরূপ বন্দ্যোপাধ্যায়। ৪ বছরের ছেলের হাত ভেঙে যাওয়ায় চিকিৎসার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন। শুক্রবার ভোরে লিফটে আটকে পড়েন তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ তথ্য - শরীরের একাধিক হাড় ভেঙে গিয়েছিল তাঁর। হাত, পা, পাঁজরের পাশাপাশি হৃদযন্ত্র, ফুসফুস ও প্লীহা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় লিফটে কোনও লিফ্টম্যান উপস্থিত ছিলেন না। মৃতের পরিবারের অভিযোগ, লিফট আচমকা ওঠানামা করতে শুরু করায় আতঙ্ক ছড়ায়। একসময় দরজা খুললে ভেতরে আটকে থাকা যাত্রীরা বেরোনোর চেষ্টা করেন। কিন্তু বাইরে কোলাপসিবল গেট থাকায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সেই সময়ই লিফট হঠাৎ উপরে উঠতে শুরু করলে লিফট ও দেওয়ালের মাঝে আটকে পড়েন অরূপ।
হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানান, মৃতের পরিবার লিখিতভাবে পুরো ঘটনার বিবরণ দিয়েছে, যদিও নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ তোলা হয়নি। তবে তিনি স্বীকার করেন, “লিফটম্যান থাকলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত”, অর্থাৎ প্রশাসনিক ত্রুটি ছিল, তা মেনে নিয়েছে হাসপাতাল।
ঘটনার পরেই নতুন নিয়ম চালু করছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, হাসপাতালের ৩২টি লিফটেই এবার থেকে ভিতরে কর্মী উপস্থিত না থাকলে কাউকে ওঠার অনুমতি দেওয়া হবে না। কর্মীদের লিফটের ভিতরেই বসানো হবে।
এই মর্মান্তিক ঘটনার রিপোর্ট ইতিমধ্যেই তলব করেছে স্বাস্থ্য দফতর।