২৫ অগস্ট কৃষ্ণনগরে চাঞ্চল্যকর এই খুনের ঘটনা ঘটে। অভিযোগ, ঈশিতা এবং দেশরাজ সিংয়ের সম্পর্ক ছিল।

ফাইল ছবি
শেষ আপডেট: 13 September 2025 17:31
দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণনগরের ঈশিকা মল্লিক খুনে ব্যবহৃত অস্ত্র মিলল কৃষ্ণনগর রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। খুনের পর ২০ দিন ধরে স্টেশনেই তা পড়েছিল। মূল অভিযুক্ত দেশরাজ সিং-ই অস্ত্র কোথায় আছে তা বলে দেন।
২৫ অগস্ট কৃষ্ণনগরে চাঞ্চল্যকর এই খুনের ঘটনা ঘটে। অভিযোগ, ঈশিতা এবং দেশরাজ সিংয়ের সম্পর্ক ছিল। ঈশিতা তা ভাঙতে চাইলে তিনি ক্ষুব্ধ হন। পরে ওই দিন হঠাৎই মেয়েটির বাড়িতে ঢুকে গুলি চালিয়ে খুন করেন। ঘটনার পর পালিয়ে যান। শুরু হয় তদন্ত।
পুলিশের প্রাথমিক অনুমান ছিল, দেশরাজ উত্তরপ্রদেশ বা নেপাল সীমান্তে আত্মগোপন করতে পারে। সেই সূত্র ধরে একাধিক দল পাঠানো হয়।
গুজরাতের জামনগর থেকে কয়েকদিন পর গ্রেফতার হন দেশরাজের মামা কুলদীপ সিং। জেরায় তিনি স্বীকার করেন, খুনের পর ভাগ্নেকে নিরাপদ আশ্রয় পেতে সাহায্য করেছিলেন। তাঁর তথ্যের ভিত্তিতেই পুলিশ দেশরাজের খোঁজ পায়।
জানা যায়, নেপালে পালানোর ছক কষেছিলেন। কিন্তু সীমান্তে পৌঁছনোর আগেই আটক করে পুলিশ।
ওই খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্রের খোঁজে ছিল পুলিশ। দেশরাজকে জিজ্ঞাসাবাদ করে তাঁকে নিয়েই কৃষ্ণনগর স্টেশনে পৌঁছয় একটি দল। তিনি দেখিয়ে দেন খুনের পর কোথায় লুকিয়েছিলেন আগ্নেয়াস্ত্রটি। সেই মতো স্টেশন থেকে উদ্ধার করা হয়।