এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, দ্বিতীয় হুগলি ব্রিজ (Vidyasagar Setu) রবিবার ১২ ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হবে। মেরামতি ও সংস্কারের কাজের জন্য ১৫ মার্চ সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই সেতুতে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

ফাইল ছবি
শেষ আপডেট: 13 March 2026 14:50
দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে রাজ্যের বিধানসভা ভোট (West Bengal Assembly Elections 2026) চলে এল। সব ঠিক থাকলে আগামী সোমবার নির্বাচনের নির্ঘণ্টও ঘোষণা হয়ে যাবে। কিন্তু দুর্ভোগ শেষ হওয়ার নাম নেই দ্বিতীয় হুগলি ব্রিজ (Second Hooghly Bridge) ব্যবহারকারীদের। কারণ সেতুতে সংস্কারের কাজ চলার জন্য আগামী রবিবারও তা বন্ধ থাকবে ১২ ঘণ্টার জন্য।
শুক্রবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, দ্বিতীয় হুগলি ব্রিজ (Vidyasagar Setu) রবিবার ১২ ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হবে। মেরামতি ও সংস্কারের কাজের জন্য ১৫ মার্চ সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই সেতুতে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং বদলের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত কাজ করা হবে। সেই কারণেই এই সময়ের মধ্যে সেতু এবং তার সঙ্গে যুক্ত সমস্ত র্যাম্প দিয়ে কোনও যানবাহন চলাচল করতে পারবে না। এই পরিস্থিতিতে শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে।
এদিকে এজেসি বোস রোড (AJC Bose Road) ধরে যারা বিদ্যাসাগর সেতুর দিকে যান, তাদের টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে স্ট্র্যান্ড রোড (Strand Road) হয়ে হাওড়া ব্রিজ (Howrah Bridge) ব্যবহার করতে বলা হয়েছে।
একইভাবে খিদিরপুর রোড (Kidderpore Road) এবং অন্যান্য সংযোগকারী রাস্তা থেকেও বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া খিদিরপুরের দিক থেকে সেতুর দিকে আসা যানবাহনগুলিকেও বিকল্প পথে চালিত করা হবে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। প্রয়োজন অনুযায়ী শহরের অন্যান্য প্রধান সড়ক দিয়েও যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে।
প্রতি রবিবার সেতু বন্ধ রাখায় সমস্যায় পড়ছেন বহু মানুষ। যাত্রীদের একাংশের বক্তব্য, রবিবার মানেই যে কাজ নেই, এমন নয়। অনেকেই বেসরকারি চাকরি করেন, কেউ কেউ সাপ্তাহিক ছুটির দিনেও কাজে বের হন। কারও চিকিৎসার প্রয়োজন, কারও বাজার বা ব্যক্তিগত জরুরি কাজ। সেতু বন্ধ থাকায় বাধ্য হয়ে হাওড়া ব্রিজ (Howrah Bridge) বা অন্য দীর্ঘ ঘুরপথ ধরতে হচ্ছে।
সকলের প্রশ্ন একটাই, আর কতদিন চলবে এই ভোগান্তি? প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে বিদ্যাসাগর সেতুর সংস্কারের কাজ চলছে। ২০২৩ সালের শেষের দিকে শুরু হয়েছিল প্রাথমিক কাজ। ২০২৪ সালের শুরু থেকে তা পুরোদমে শুরু হয়। তখন বলা হয়েছিল, ছ’মাসের মধ্যেই কাজ শেষ হবে। কিন্তু বছরের পর বছর গড়ালেও কাজের গতি শ্লথই, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের।