শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কিন্তু রবিবার থেকে আবারও এক দফা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
.jpg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 13 March 2026 09:23
দ্য ওয়াল ব্যুরো: হাওয়া অফিসের কথা মিলিয়ে বৃহস্পতিবার বিকেলে আচমকা বৃষ্টিতে ভিজেছে কলকাতা-লাগোয়া একাধিক এলাকা (kolkata weather update)। শহর-সহ দক্ষিণবঙ্গের অন্তত ছ’টি জেলায় বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস বলছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির বিরতি মিলতে পারে (bengal weather forecast)। শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম (bengal rain forecast)। কিন্তু রবিবার থেকে আবারও এক দফা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
অন্যদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবেই বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বাতাসে, যা বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি করছে।
শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.২ ডিগ্রি। আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস। সঙ্গে আর্দ্রতার জেরে ভ্যাপসা গরমের অস্বস্তিও বাড়ার সম্ভাবনা।
শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা এবং উপকূলবর্তী এলাকায় মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। রবিবার থেকে আবার বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি।
তবে উত্তরবঙ্গে চলতি সপ্তাহ জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শনিবার সাময়িকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও রবিবার থেকে ফের বাড়তে পারে বলে পূর্বাভাস।
এদিকে, কলকাতায় শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে শনিবার রাতের পর থেকে বাতাসে নতুন করে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে। তার জেরেই রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে শহরে।
এর মধ্যে আগামী দু’দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমও বাড়বে। তবে রবিবারের পর তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।