
শেষ আপডেট: 22 May 2023 14:17
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন ঝড় বৃষ্টির পর শহরবাসী ফের নাজেহাল তীব্র গরমে (Kolkata weather update )। ফের কবে আকাশে মেঘ দেখা যাবে তাই এখন ভাবাচ্ছে সকলকেই।
কলকাতার (kolkata) আকাশে আগামী ২৩ তারিখ থেকেই ফের দেখা যাবে মেঘের ঘনঘটা। মঙ্গলবার থেকেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। আগামী ২৭ তারিখ পর্যন্ত প্রায় রোজই বৃষ্টি হতে পারে। পাশাপাশি, ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।

জানা গেছে, আগামী কয়েকদিন বিভিন্ন জায়গায় হতে পারে শিলাবৃষ্টিও (weather update)। এই ঝড় বৃষ্টির কারণ হিসেবে মঙ্গলবার থেকে ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তকেই দায়ী করেছে আবহাওয়া দফতর। এই ঝড় বৃষ্টির ফলে আগামী বুধবার অর্থাৎ ২৪ তারিখ থেকেই তাপমাত্রা কমবে গোটা দক্ষিণবঙ্গেই।

দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে আবহাওয়া দফতর। জানা গেছে, ২৫ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে হতে পারে ভারি থেকে অতিভারি বৃষ্টি। সব মিলিয়ে চলতি সপ্তাহের মঙ্গলবার থেকেই ফের স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে তাপমাত্রা কমার ফলে এমনটাই আশা করছে শহরবাসী।