আগে কেবল শুক্রবার করে এই তালিকা প্রকাশ করার দস্তুর থাকলেও, এখন থেকে কাজের গতি বাড়াতে প্রতিদিন অথবা একদিন অন্তর এই তালিকা প্রকাশ করতে পারে কমিশন।

ট্রাইব্যুনালের জায়গা বেছে নিল কমিশন
শেষ আপডেট: 29 March 2026 20:25
দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা (Voter List) নিয়ে দীর্ঘ টালবাহানা ও আইনি জট কাটাতে এবার তৎপর হল নির্বাচন কমিশন (Election Commission)। সিইও (CEO) দফতর সূত্রে খবর, ভোটার তালিকার সংশোধনী বা ‘সাপ্লিমেন্টারি’ তালিকা (Supplementary List) প্রকাশের চিরাচরিত নিয়মে বড়সড় বদল আনা হচ্ছে। আগে কেবল শুক্রবার করে এই তালিকা প্রকাশ করার দস্তুর থাকলেও, এখন থেকে কাজের গতি বাড়াতে প্রতিদিন অথবা একদিন অন্তর এই তালিকা প্রকাশ করতে পারে কমিশন।
ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ ও নিষ্পত্তির কাজ ত্বরান্বিত করতে জোকার ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট’ (IIM)-কে ট্রাইব্যুনালের জন্য বেছে নেওয়া হয়েছে। সেখানেই ১৯ জন জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হয়েছে। কমিশন জানিয়েছে, ওই অফিসাররা যখনই ই-সাইন (E-sign) করে ফাইল ছেড়ে দেবেন, তখনই সেই সংশোধিত তালিকা জনসমক্ষে আনা হবে। নির্দিষ্ট দিনের জন্য আর অপেক্ষা করা হবে না। এখনও পর্যন্ত প্রায় ৪০ থেকে ৪২ লক্ষ আবেদনের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে খবর।
দ্য ওয়াল আগেই লিখেছিল, ট্রাইব্যুনালের জন্য নিউটাউনে জুডিশিয়াল অ্যাকাডেমি, হিডকোর অফিস এবং সল্টলেক স্টেডিয়াম - এই তিনটি জায়গা দেখতে গেছিলেন জুডিশিয়াল অফিসাররা। কিন্তু কোনও জায়গাই তাঁদের পছন্দ হয়নি। তাই কাল পর্যন্তও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি তারা। অন্যদিকে জানা যায়, জোকাতে একটি কেন্দ্রীয় সরকারের অফিস রয়েছে, ওই অফিসে প্রাথমিকভাবে পছন্দ হয় জুডিশিয়াল অফিসারদের।
বস্তুত, দূরদূরান্ত থেকে আসা মানুষের দুর্ভোগ কমাতে এবার প্রযুক্তির ওপরেই বেশি ভরসা রাখছে কমিশন। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের প্রান্তিক এলাকার বাসিন্দাদের সশরীরে হিয়ারিং বা শুনানিতে হাজির হতে হবে না। জেলাশাসকদের মাধ্যমে সমস্ত নথিপত্র স্ক্যান করে সরাসরি জুডিশিয়াল অফিসারদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এমনকি সাধারণ মানুষ অনলাইনের মাধ্যমেই তাঁদের বক্তব্য বা আবেদন পেশ করতে পারবেন। যদিও এই গোটা প্রক্রিয়াটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট।
যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন (ECI)। কারণ প্রতিকারের জন্য ২৩টি জেলার জন্য মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
শুক্রবার রাতে বেরিয়েছিল এসআইআরের (SIR) দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, তার ২৪ ঘণ্টার মধ্যেই প্রকাশ পায় তৃতীয় তালিকা (Third supplementary list)। কমিশন সূত্রে খবর, তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্টে প্রায় ২ লক্ষ ১০ হাজার ভোটারের নাম উঠেছে। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা এবার ট্রাইব্যুনালে যাবেন।