যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। প্রতিকারের জন্য ২৩টি জেলার জন্য মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনালের মাথায় থাকছেন এক জন করে অবসরপ্রাপ্ত বিচারপতি।

ফাইল ছবি
শেষ আপডেট: 28 March 2026 12:48
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে শুক্রবার রাতে দ্বিতীয় অতিরিক্ত ভোটার তালিকা (SIR Supplementary List 2026) প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ECI)। এই তালিকায় ২০ লক্ষের বেশি নাম রয়েছে বলে সূত্রের খবর। তাহলে দুই তালিকা মিলিয়ে কতজনের নাম উঠল, কতই বা বাদ গেল?
কমিশনের তথ্য বলছে, প্রথম ও দ্বিতীয় অতিরিক্ত ভোটার তালিকা মিলিয়ে মোট ৩১ লক্ষ নাম তোলা হয়েছে। প্রথম তালিকায় ছিল প্রায় ১০ লক্ষ এবং দ্বিতীয় তালিকায় ছিল প্রায় ২১ লক্ষের মতো নাম। https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25 - এই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত তথ্য দিয়ে নাম আছে কিনা দেখতে পাবেন ভোটাররা।
নাম বাদ গেলে কী করণীয়?
যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। প্রতিকারের জন্য ২৩টি জেলার জন্য মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনালের মাথায় থাকছেন এক জন করে অবসরপ্রাপ্ত বিচারপতি।
আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন, দুই মাধ্যমেই আবেদন করা যাবে। অফলাইনের ক্ষেত্রে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে আবেদন করা যাবে। অনলাইনের ক্ষেত্রে ইসিআই নেট অ্যাপ বা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে যথাযোগ্য নথিপত্র দিয়ে আপিল করা সম্ভব।
রাজ্য সরকার ইতিমধ্যেই ট্রাইব্যুনাল অফিসের পরিকাঠামোর ব্যবস্থা করেছে। এই ব্যবস্থাপনার বিস্তারিত রিপোর্ট জমা পড়বে হাইকোর্টে। আদালতের নিযুক্ত পর্যবেক্ষক ওই অফিসগুলি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করলে তবেই ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। সমস্ত আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ট্রাইব্যুনাল বহাল থাকবে।
নাম বাদ পড়লে কতদিনের মধ্যে আবেদন করতে পারবেন ভোটাররা?
সুপ্রিম কোর্ট-এর নির্দেশ মেনে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যাঁদের নাম বাদ পড়ছে, তাঁদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের ১৫ দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে।
২৩ মার্চ প্রকাশিত তালিকার ক্ষেত্রে এই সময়সীমা দাঁড়াচ্ছে ৬ এপ্রিল পর্যন্ত। একই নিয়ম প্রযোজ্য হবে পরবর্তী তালিকার ক্ষেত্রেও। অর্থাৎ আজ যে নতুন তালিকা প্রকাশিত হবে, তাতে যাঁদের নাম থাকবে না, তাঁরা ১১ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।