ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। দলের দাবি, সেনাবাহিনীর বিরুদ্ধে এমন মন্তব্য শুধু ঘৃণা ছড়াচ্ছে না, এটি আদতে দেশদ্রোহিতার সমান।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 6 June 2025 20:04
দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে বদলা নিতে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান করেছে ভারতীয় সেনা। তবে অতীতের সার্জিক্যাল স্ট্রাইকের মতো এই অভিযান নিয়েও দেশে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দেশের সুরক্ষার স্বার্থে বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্রের সিদ্ধান্তের সমর্থন করলেও ঘরোয়া রাজনীতিতে 'অপারেশন সিঁদুর' নিয়ে নানা তর্ক হচ্ছে। আর তাতে বিতর্ক বাড়ছে। ঠিক যেমন তা বাড়ালেন পাণ্ডবেশ্বরের (Pandaveshwar) তৃণমূল বিধায়ক (TMC MLA) তথা পশ্চিম বর্ধমানের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী (Narendranath Chakraborty)।
পাকিস্তানের (Pakistan) সঙ্গে সেটিং করে 'অপারেশন সিঁদুর' করেছে কেন্দ্রীয় সরকার! এমনই বিস্ফোরক দাবি করেছেন এই তৃণমূল নেতা। দলীয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতীয় সেনার ভূমিকা নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। শাসক দলের বিধায়ককে বলতে শোনা গেছে, ''সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই নাটক, যুদ্ধ-যুদ্ধ খেলা। এরা পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, তারপর সিঁদুর খেলতে নেমেছে।'' এখানেই না থেমে সিঁদুর নিয়ে খেললে কী করা উচিত সেটাও হুঁশিয়ারির সুরে বলেছেন তৃণমূল নেতা।
বিজেপিকে উদ্দেশ্য করে চরম হুঙ্কারের সুরে নরেন্দ্রনাথ বলেন, ''যারা সিঁদুর নিয়ে খেলছে তাদের উচিত শিক্ষা দিতে হবে। ডাস্টবিনে ছুড়ে ফেলতে হবে।'' শুধু তাই নয়, সিঁদুরের মাহাত্ম্য বোঝাতে তিনি এও বলেন, সিঁদুর বাঙালির রক্তে, মায়ের সিঁথিতে আছে। তাই এটি নিয়ে কোনও ছেলেখেলা তিনি বরদাস্ত করবেন না। প্রসঙ্গত, এর আগে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে, 'অপারেশন সিঁদুর' নিয়ে রাজনীতি করছে বিজেপি। তবে দলীয় নেতার মতো বিরূপ মন্তব্য করেননি তিনি। তাই স্বাভাবিকভাবেই এই নেতার বক্তব্য শোরগোল ফেলে দিয়েছে।
বিষয়টি নিয়ে বিস্তর ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। দলের দাবি, সেনাবাহিনীর বিরুদ্ধে এমন মন্তব্য শুধু ঘৃণা ছড়াচ্ছে না, এটি আদতে দেশদ্রোহিতার সমান। বিজেপি নেতাদের কথায়, এই ধরনের মন্তব্য করে তৃণমূল কংগ্রেস নিজেদের প্রকৃত চেহারাই তুলে ধরেছে। এটা অত্যন্ত লজ্জার এবং একইসঙ্গে গভীরভাবে উদ্বেগজনক।
বিজেপির আরও অভিযোগ, দেশবিরোধী বক্তব্য যাঁরা করছেন, তাঁদের বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়ার ন্যূনতম সাহসও দেখাচ্ছে না তৃণমূল। বরং, এই নীরবতা থেকেই পরিষ্কার যে, তোষণের রাজনীতিতে ডুবে থাকা শাসকদল কার্যত এই মন্তব্যকেই মদত দিচ্ছে।