একজন অন ডিউটি আইসিকে কুকথা বলার পরেও কেন গ্রেফতার করা হল না অনুব্রত মণ্ডলকে, সেই প্রশ্ন তুললেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।

শেষ আপডেট: 6 June 2025 14:13
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: একজন অন ডিউটি আইসিকে কুকথা বলার পরেও কেন গ্রেফতার করা হল না অনুব্রত মণ্ডলকে, সেই প্রশ্ন তুললেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।
শুক্রবার হুগলির উত্তরপাড়ায় জন শুনানিতে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। এখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "অনুব্রত মণ্ডল একজন অন ডিউটি আইসিকে যে ভাষায় কথা বলেছেন তা অত্যন্ত লজ্জার। এই ঘটনার পর পুলিশ কেন কাজ করেনি তার জন্য গতকাল আমরা চিঠি দিয়েছি। এখনও তাঁর ফোন সিজ করা হয়নি। এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি। অসুস্থ দাবি করে পাঁচ দিন হাজিরা এড়িয়েছেন। আমরা পুরো বিষয়টি জানতে চেয়েছি।
ডিজির কাছে উত্তর না পেলে যে আইনের পথে হাঁটবেন, সেটাও স্পষ্ট করে দেন তিনি। বলেন, "আমাদের অফিস একটা বড় টিম। শুধুমাত্র একজন মেম্বার আছে এমন নয়, আমাদের একশো মহিলা আইনজীবী আছেন, শিক্ষিত কাউন্সিলর আছেন। ভারতবর্ষজুড়ে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ করতে পারলে পশ্চিমবঙ্গে কেন পারব না? নিশ্চই পারব।"
এদিনের জন শুনানি নিয়ে অর্চনা মজুমদার বলেন, "খুব সাধারণ যে বিষয়গুলো পুলিশের করার কথা সেগুলো তারা করে না বলেই দিল্লি থেকে মহিলা কমিশনকে এসে এগুলো মেটাতে হয়। ভিকটিমরা হয় থানায় দৌড়চ্ছে, নয় কোর্টে দৌড়চ্ছে, গার্হস্থ হিংসার অভিযোগের কোনও সুরাহা হচ্ছে না। নারীদের সুরক্ষা সম্মান সব নিয়ে প্রচুর কেস রয়েছে। প্রত্যেকটা জেলাতেই রয়েছে আমরা এখন জেলা ধরে ধরে এগুলো করছি।"
তাঁর অভিযোগ, পুলিশের গাফিলতির জন্য তাঁরা সঠিক বিচার পাচ্ছেন না তাই তাঁদের কাছে আসছেন। তিনি বলেন, "আমরা পুলিশের কাছে রিপোর্ট চাইছি। কেন অভিযুক্ত অ্যারেস্ট হয়নি? নির্দিষ্ট করে কোনও ধারা দেয়নি কেন? আমাদের আইনজীবী এবং কাউন্সিলররা আছেন। মেয়েদের সুরক্ষা এবং সম্মান ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। সুস্থভাবে তারা জীবনে এগিয়ে যেতে পারে এটাই কমিশনের লক্ষ্য।"