নববিবাহিত দম্পতি থেকে প্রবীণ নাগরিকরা সরাসরি রেপো রেট ছাঁটাইয়ের শিকার হতে চলেছেন।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 6 June 2025 14:06
দ্য ওয়াল ব্যুরো: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট নিয়ে সিদ্ধান্তে মস্ত বিপাকে পড়তে চলেছেন মেয়াদি জমার (FD) গ্রাহকরা। নববিবাহিত দম্পতি থেকে প্রবীণ নাগরিকরা সরাসরি রেপো রেট ছাঁটাইয়ের শিকার হতে চলেছেন। কারণ, রাষ্ট্রায়ত্ত থেকে বেসরকারি ব্যাঙ্কগুলি খুব শীঘ্রই রেপো রেটের ভিত্তিতে ফিক্সড ডিপোজিটের সুদের হার কমাবে, তা একরকম ধরেই নেওয়া যায়। গৃহঋণ বা গাড়ির ঋণ নেওয়া গ্রাহকদের মুখে সাময়িক স্বস্তির হাসি ফুটে উঠলেও তাঁদের এফডি থেকে সঞ্চিত সুদের হারে কোপ পড়তে চলেছে একথা আপাতত হলফ করে বলা যায়।
তাই এই মুহূর্তে ভদ্রস্থ সুদের হার বজায় রাখতে ও মাস গেলে সেভিংসে আসা টাকার পরিমাণ অক্ষত রাখতে গেলে বেশ কিছু পদক্ষেপ নিতেই হবে। কেননা, কিছুদিন বা মাসাধিক কালের মধ্যেই ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যেতে পারে এফডি-র সুদের হার। বহু গ্রাহক রয়েছেন, যাঁরা নিরাপদ ও স্থায়ী আয়ের আশায় এফডি-র উপর নির্ভর করেন। ম্যাচুরিটি ভ্যালুকে পুনর্বিনিয়োগ করেন ফিক্সডেই। এই অবস্থায় এখনই কী করতে হবে তা একনজরে দেখে নেওয়া যাক।
ভারতের শীর্ষ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) অর্থনৈতিক গবেষণা বিভাগের বিশেষ রিপোর্টে জানানো হয়েছে, ২০২৫ সালের জুন মাসে আর্থিক নীতি কমিটির (MPC) বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট কমাতে পারে। এটি হবে একপ্রকার ‘জাম্বো রেট কাট’, যা বর্তমান বিশ্বজনীন অনিশ্চয়তা ও ঘরোয়া আর্থিক প্রবাহের ঘাটতির মোকাবিলায় ভারসাম্য রক্ষা করতে সহায়ক হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
এদিন আরবিআই একধাপে ৫০ বেসিস পয়েন্ট ৫.৫ শতাংশ কমিয়েছে। এসবিআইয়ের রিপোর্টে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ২০২৫ সালে সামগ্রিক জিডিপি বৃদ্ধি ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে। চিন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ উন্নত ও উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক বৃদ্ধির গতি মন্থর হওয়ার ইঙ্গিত মিলেছে। ভারতের ক্ষেত্রেও কিছুটা ধাক্কা লাগতে পারে। ২০২৫ সালে জিডিপি বৃদ্ধির হার ৬.৩ শতাংশ হতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও তা বিশ্বের মধ্যে এখনও সর্বোচ্চ।
কী করবেন?
১। কিছু স্মল ফিনান্স ব্যাঙ্ক এখনও এফডিতে সুদের হার ৮ শতাংশ বা তার বেশি দিচ্ছে। বৃহত্তর ব্যাঙ্কগুলি সেখানে দিচ্ছে ৭ শতাংশের কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে, আপনি যদি ফেরতলাভ একই রাখতে চান, তাহলে যেখানে এখনও বেশি হারে সুদ মিলছে সেখানে দীর্ঘমেয়াদি এফডিতে চলে যান।
২। গুরুগ্রামের এক সঞ্চয় বিশেষজ্ঞ সংস্থার মতে, স্বল্পমেয়াদি জমায় সুদের হার প্রথমে পতন ঘটে। তাই দীর্ঘমেয়াদি সুদের জমায় লাভ বেশি হতে পারে। আপনার যদি এই মুহূর্তে টাকার প্রয়োজন না থাকে, তাহলে দীর্ঘমেয়াদে যান।
৩। আপনার বিনিয়োগকে নানানভাবে ছড়িয়ে ম্যাচুরিটির দিকে লক্ষ্য রাখুন। যাতে কিছু টাকা পুনর্বিনিয়োগে রাখলেও বেশিরভাগ টাকাই বেশি সুদে এফডি করুন।
৪। সরকারি প্রকল্প যেমন সিনিয়র সিটিজেন স্কিম অথবা ন্যাশনাল সেভিংস সার্টিফিকে ব্যাঙ্কের তুলনায় বেশি হারে সুদ দিয়ে থাকে। রেপো রেটেরও খুব একটা প্রভাব পড়ে না এই প্রকল্পগুলিতে।
৫। ঝুঁকি নিতে পারলে খুব নামী কর্পোরেট বন্ডে বিনিয়োগ করতে পারেন। এগুলি চিরাচরিত এফডির থেকে বেশ বেশি লাভজনক।