২৬ হাজার চাকরি বাতিল ইস্যুতে শাসক দল তৃণমূলকেই তোপ দেগেছে বিরোধীরা। 'যোগ্য' শিক্ষকদের একাংশ তাঁদের এই পরিণতির জন্য রাজ্যকেই দায়ী করেছেন। এবার 'দাগি'দের তালিকা প্রকাশের পর কী প্রতিক্রিয়া তৃণমূলের।

এসএসসির 'দাগি' তালিকা প্রকাশ
শেষ আপডেট: 31 August 2025 01:06
দ্য ওয়াল ব্যুরো: সারাদিনের টালবাহানার পর শনিবার রাতে চাকরিহারা 'দাগি' শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি (SSC Tainted List)। ২৬ হাজার চাকরি বাতিল ইস্যুতে শাসক দল তৃণমূলকেই তোপ দেগেছে বিরোধীরা। 'যোগ্য' শিক্ষকদের একাংশ তাঁদের এই পরিণতির জন্য রাজ্যকেই দায়ী করেছেন। এবার 'দাগি'দের তালিকা প্রকাশের পর কী প্রতিক্রিয়া তৃণমূলের (TMC on Tainted List)।
তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, 'তালিকা প্রকাশের পর আবার কি পরীক্ষা নেওয়া হবে। 'যোগ্য'দের চাকরি ফিরিয়ে দেওয়া হোক।' তাঁর কথায়, 'সিবিআইয়ের রিপোর্ট মতোই এসএসসি তালিকা প্রকাশ করেছে।' তৃণমূল নেতার আরও দাবি, 'অন্যায় যারা করেছে জেলের ভিতরে থাক, কিন্তু তাঁদের জন্য এতজন 'যোগ্য' শিক্ষকদের কেন ভুগতে হবে।'
অন্যদিকে, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের (Jaiprakash Majumdar) কথায়, ''দাগি'দের তালিকা প্রকাশ হয়েছে। রাজ্য সরকার এবং এসএসসি তাদের কথা রেখেছে। আমরা মনে করছি, আগামী দিনে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ায় কোনও বাধা থাকবে না।' তিনি আরও বলেন, 'আশা করব এবার আর মামলার জালে জড়াবে না, কারণ সিপিএম, বিজেপি উন্মুখ হয়ে আছে কীভাবে নিয়োগ আটকানো যায়।'
এসএসসির (SSC) 'দাগি' তালিকা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ''যোগ্যতা না থাকা সত্ত্বেও যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাহলে প্রথমেই প্রশ্ন উঠবে যারা টাকা দিল তাঁরা অপরাধী আর যারা ঘুষ নিল তাঁরা কি সাধু? যারা ঘুষ নিয়েছে তাঁদের নামের তালিকা কোথায়?'
নাম প্রকাশ হওয়া 'দাগি' চাকরিহারাদের কাছে সুকান্ত মজুমদারের অনুরোধ, 'কোথায় কোন নেতাদের কত টাকা দিয়েছেন, তাঁদের নাম প্রকাশ করুন। আমরা জেলায় জেলায় টাঙাব।' যোগ করেন, 'জনতার জানা উচিত, তাঁর বাড়ির পাশে তৃণমূলের কোন চোরটা আছে। টাকা দেওয়ার সুযোগ ছিল। তাই তাঁরা গেছে। যারা ঘুষ নিয়েছেন তাঁরা ২০০ শতাংশ দোষী।'