সংশ্লিষ্ট দফতরগুলিতে পাঠানো ই-মেলে দাবি করা হয়, আরডিএক্স মজুত রাখা হয়েছে এবং দ্রুত জায়গা খালি না করলে বিস্ফোরণ ঘটানো হবে। হুমকির খবর সামনে আসতেই তৎপর হয়ে ওঠে প্রশাসন।

ফাইল ছবি
শেষ আপডেট: 26 February 2026 12:56
দ্য ওয়াল ব্যুরো: আদালতে বোমা-হুমকির আতঙ্ক কাটতে না কাটতেই এবার লক্ষ্য কেন্দ্রীয় দফতর। বৃহস্পতিবার কলকাতার পাসপোর্ট অফিস-সহ একাধিক পোস্ট অফিসে ই-মেলের মাধ্যমে বোমা রাখা হয়েছে বলে হুমকি আসে। আসানসোল, হাওড়া ও বর্ধমানের বিভিন্ন ডাকঘরেও একই ধরনের বার্তা পৌঁছয় বলে সূত্র মারফৎ জানা গেছে। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে রাজ্যজুড়ে।
সূত্রের খবর, সংশ্লিষ্ট দফতরগুলিতে পাঠানো ই-মেলে দাবি করা হয়, আরডিএক্স মজুত রাখা হয়েছে এবং দ্রুত জায়গা খালি না করলে বিস্ফোরণ ঘটানো হবে। হুমকির খবর সামনে আসতেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। সংশ্লিষ্ট ভবনগুলি খালি করে দেওয়া হয়, ডাকা হয় বম্ব স্কোয়াড। একাধিক জায়গায় শুরু হয় তল্লাশি অভিযান।
দু’দিন আগেই কলকাতা-সহ বিভিন্ন জেলা আদালতে একই কায়দায় ই-মেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। কলকাতা, কৃষ্ণনগর ও বহরমপুরের আদালতেও বোমা রাখা হয়েছে বলে দাবি করা হয়। পরিস্থিতি সামাল দিতে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। তিনি জানান, দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ এবং আতঙ্কের কোনও কারণ নেই। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি।
সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়েছিল কলকাতার সিটি সিভিল কোর্টে। আদালত সূত্রে খবর, প্রধান বিচারকের দফতরে সরাসরি একটি ই-মেল পাঠিয়ে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। মুহূর্তের মধ্যে লালবাজারে খবর যায়। বিশাল পুলিশবাহিনী, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড পৌঁছে গোটা ভবন খালি করে চিরুনি তল্লাশি চালায়। দীর্ঘ অনুসন্ধানের পরও কোনও বিস্ফোরক মেলেনি।
সেদিন আদালত প্রাঙ্গণে বহু বিচারপ্রার্থী ভিড় করেছিলেন। তল্লাশির জেরে শুনানি ব্যাহত হয়, আইনজীবীদেরও অনেক ক্ষেত্রে এজলাস ছাড়তে বলা হয়। দুপুরের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়ে যায়।
এরই মধ্যে আবার কেন্দ্রীয় দফতরে হুমকি ই-মেল পৌঁছনোয় উদ্বেগ আরও বেড়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। প্রাথমিকভাবে সব ঘটনাই ভুয়ো বলে মনে হলেও উৎস চিহ্নিত করতে প্রযুক্তিগত বিশ্লেষণ শুরু হয়েছে। প্রশাসনের বক্তব্য, আতঙ্ক ছড়ানোই উদ্দেশ্য হতে পারে - তবে নিরাপত্তায় কোনও শৈথিল্য রাখা হবে না।