বিধানসভা ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে আইএসএফ কর্মীর বাড়ি থেকে ২৮টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

ফাইল চিত্র
শেষ আপডেট: 24 February 2026 23:19
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙর (Bhangar)। নতুন থানার উদ্বোধনের ঠিক আগের রাতেই বিপুল পরিমাণ তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। পুলিশের এই অভিযানের পর থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ চড়ছে ভাঙর এলাকায়। এই আবহেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় উত্তর কাশীপুর থানা-র পুলিশ। বানিয়ারা গ্রামে এক বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট ২৮টি তাজা বোমা এবং একটি আগ্নেয়াস্ত্র। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি অত্যন্ত শক্তিশালী এবং সদ্য তৈরি বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বানিয়ারা গ্রামের বাসিন্দা সামিম খাঁন নামে আইএসএফ-এর এক কর্মীর বাড়ি থেকেই এই বিপুল পরিমাণ বোমা এবং একটি লগ সার্টার বন্দুক উদ্ধার হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার গুরুত্ব আরও বেড়েছে অন্য একটি কারণে। আগামীকালই উত্তর কাশীপুর থানাকে ভেঙে বিজয়গঞ্জ বাজারে নতুন থানার ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা। তার ঠিক আগের রাতে এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বর্তমানে পুলিশ বাহিনীর বড় অংশ বানিয়ারা গ্রাম এবং সংলগ্ন এলাকায় মোতায়েন রয়েছে। চলছে লাগাতার তল্লাশি এবং তদন্ত।
পুলিশের প্রাথমিক অনুমান, আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি তৈরির উদ্দেশ্যেই এই বোমাগুলি মজুত করা হয়েছিল। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে অভিযুক্তদের খোঁজে তল্লাশি জোরদার করা হয়েছে।
এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভোটের আগে এমন ঘটনায় ভাঙরের নিরাপত্তা এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এখন তদন্তে নতুন করে কী তথ্য সামনে আসে এবং এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, সেদিকেই নজর সবার।