মঙ্গলবার পড়ন্ত বিকেলে দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মহম্মদ সেলিমকে ব্যক্তি হিসেবে শ্রদ্ধা করলেও তাঁর বর্তমান রাজনৈতিক সঙ্গীদের নিয়ে বিন্দুমাত্র পিছুটান দেখাননি হুমায়ুন।

মহম্মদ সেলিম ও হুমায়ুন কবীর, গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 24 February 2026 21:07
রাজনীতিতে তিনি কোনও দিনই ‘ঢাক গুড়গুড়’ করে কথা বলায় বিশ্বাসী নন। এ বারও তার ব্যতিক্রম হল না। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md Salim) সঙ্গে তাঁর নিউটাউনের সেই বহুচর্চিত বৈঠক নিয়ে যখন দলের অন্দরেই আড়াআড়ি বিভাজন, যখন সেলিমের সিদ্ধান্তের প্রতিবাদে প্রতিকুর রহমানের (Pratikur Rahaman) মতো নেতারা দল ছেড়ে ঘাসফুলে যোগ দিচ্ছেন, ঠিক তখনই দ্য ওয়ালে (The Wall) নিজের অবস্থান স্পষ্ট করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)।
সেলিমের ব্যক্তিগত শ্রদ্ধা বনাম বামফ্রন্টের অন্দরমহল
মঙ্গলবার পড়ন্ত বিকেলে দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মহম্মদ সেলিমকে ব্যক্তি হিসেবে শ্রদ্ধা করলেও তাঁর বর্তমান রাজনৈতিক সঙ্গীদের নিয়ে বিন্দুমাত্র পিছুটান দেখাননি হুমায়ুন। তাঁর কথায়, “ব্যক্তি সেলিমের প্রতি আমার শ্রদ্ধা অটুট। কিন্তু কমরেড সেলিম যাঁদের নিয়ে ঘর করছেন, সেই বামফ্রন্ট চেয়ারম্যান বা সুজন চক্রবর্তীরা তাঁকে তুলে আছাড় মারবেন না কি মাথায় তুলে রাখবেন, সেই সিদ্ধান্ত তাঁরাই নেবেন। আমি তো আর তাঁদের দলের নীতি ঠিক করতে পারি না।”
‘গঙ্গার জলে ঝাঁপ দেব না’
সিপিএমের সঙ্গে জোটের ইচ্ছা থাকলেও বামফ্রন্টের বাকি শরিকদের নিয়ে চরম কটাক্ষ করেছেন হুমায়ুন। তাঁর সোজাসুজি যুক্তি, “আরএসপি, সিপিআই বা ফরওয়ার্ড ব্লকের মতো দলগুলির এখন রাজনীতিতে কোনও অস্তিত্ব নেই। জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যদের আমলে ওই সিংহ কিংবা কোদাল-বেলচা চিহ্নে মানুষ ভোট দিতেন। এখন সেই কোদাল-বেলচা বইবার লোক নেই। অস্তিত্বহীন দলের সঙ্গে জোট করা মানে গলায় কলসি বেঁধে গঙ্গার জলে ঝাঁপ দেওয়া। আমি কেন সেই ডুবন্ত জাহাজে চাপতে যাব?”
জিরো-ওয়ান জিরোর লড়াই
আইএসএফ এবং বামফ্রন্টের আসন্ন জোট নিয়েও সংশয় প্রকাশ করেছেন এই বিধায়ক। নওশাদ সিদ্দিকির রাজনৈতিক অধিকারকে মান্যতা দিলেও জোটের গাণিতিক ফলাফল নিয়ে তাঁর মন্তব্য বেশ ধারালো। হুমায়ুন বলেন, “নওশাদরা ২০২১ সালে কংগ্রেস আর বামেদের নিয়ে জোট করেছিল। সেই জোটের এক শরিক তো এখন মাইনাস, অন্য জন জিরো। এখন সেই জিরো ওয়ান হবে না কি ওয়ান জিরো, সেটা সময় বলবে।”
ক্যাপ্টেন হয়েই খেলব
নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হুমায়ুন কবীর দ্য ওয়ালকে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কারও ‘বি টিম’ হয়ে থাকতে রাজি নন। তিনি জানিয়েছেন, “সিপিএম বা আইএসএফ আমার সঙ্গে থাকলে লড়াইটা জোরালো হবে। যদি না-ও থাকে, আমি নিজের হাতে গড়া ‘জনতা উন্নয়ন পার্টি’র পক্ষ থেকে ১৮২টি আসনে প্রার্থী দেব। মানুষের ওপর আমার অগাধ ভরসা আছে। এ বার আমি এ-টিমের ক্যাপ্টেন হয়েই মাঠে নামব। বি-টিমের ক্যাপ্টেনসি হুমায়ুন কবীর অন্তত করে না।”
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় হুমায়ুনের এই ‘একলা চলো’ নীতি কিংবা শর্তসাপেক্ষ জোটের বার্তা বাংলার নির্বাচনী সমীকরণে কোন অঙ্ক কষবে তা সময় বলবে। বাম-আইএসএফ-এর সঙ্গে জোট না হলেও হুমায়ুন কবীরের ইঙ্গিত, মিম-কে নিয়েই এগোতে চান তিনি।