ফের উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। রবিবার ভরসন্ধ্যেয় রক্তদান শিবিরের প্রস্তুতি নিয়ে পোলেরহাট এলাকায় তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে বচসা শুরু হয়, সেই থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু'পক্ষ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 November 2025 01:13
দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে (Bhangar TMC-ISF Clash)। রবিবার ভরসন্ধ্যেয় রক্তদান শিবিরের প্রস্তুতি নিয়ে পোলেরহাট এলাকায় তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে বচসা শুরু হয়, সেই থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু'পক্ষ। গোলমাল চরমে পৌঁছতেই কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় টহল বাড়ানো হয়েছে, মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশদের। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি যাতে আর খারাপ না হয়, তা দেখতেই পুলিশ বর্তমানে গোটা এলাকা নিয়ন্ত্রণে রেখেছে।
অভিযোগ, রক্তদান শিবিরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির ছবি লাগানোর সময়েই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে বাধা দেয়। প্রথমে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। পোস্টার নামাতে অস্বীকার করায় তৃণমূলই গুলি চালায় বলে দাবি আইএসএফ কর্মীদের।
অন্যদিকে, তৃণমূল বিধায়ক সওকত মোল্লার পাল্টা অভিযোগ, আইএসএফের তরফেই প্রথম গুলি চালানো হয়েছে। সবপক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। পুলিশ এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা করছে। তবুও স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
রাজনৈতিক মহলের মতে, ভাঙড়ে অশান্তির ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়েছে ভাঙড়। সেই অশান্তির তালিকায় নতুন সংযোজন আজকের ঘটনা।