স্কুলের শিক্ষাকর্মী জয়দীপ প্রামাণিক ওই ছাত্রকে বকাবকি করেন। তাকে কান থেকে দুল খুলে ফেলতে বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই ছাত্রটি।

এই স্কুলেই শোরগোল পড়ল
শেষ আপডেট: 24 June 2025 13:21
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: এক ছাত্র স্কুলে এসেছিল এক কানে দুল পরে। তাই এক শিক্ষাকর্মী তাকে বকাবকি করেন। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে শিক্ষাকর্মীর ওপর চড়াও হয় ওই ছাত্র। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে তাঁকে। এই ঘটনায় শোরগোল পড়েছে লিলুয়ার টিআরজিআর খেমকা হাইস্কুলে। ওই ছাত্রের বিরুদ্ধে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ।
গত শুক্রবার ঘটনার সূত্রপাত। অভিযোগ, ওই দিন লিলুয়ার রবীন্দ্র সরণিতে টিআরজিআর খেমকা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির আর্টসের এক ছাত্র এক কানে দুল পরে স্কুলে আসে। দেখতে পেয়ে টিফিনের সময় স্কুলের শিক্ষাকর্মী জয়দীপ প্রামাণিক তাঁকে বকাবকি করেন। তাকে কান থেকে দুল খুলে ফেলতে বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই ছাত্রটি।
অভিযোগ, শনিবার ওই শিক্ষাকর্মী যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় ঝিল রোডে ছাত্রটি দলবল নিয়ে তার ওপর চড়াও হয়। বাঁশ এবং লাঠি নিয়ে জয়দীপকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম হন ওই শিক্ষাকর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্কুলের শিক্ষকরা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই লিলুয়া থানায় অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ।
প্রধানশিক্ষক স্বদেশকুমার গিরি বলেন, "ওই ছাত্রটি স্কুলের শৃঙ্খলা মেনে চলত না। এমনকি নিয়মিত স্কুলের পোশাক পরে স্কুলে আসত না। কানে ফ্যাশনেবল দুল পরে আসত। বারবার বললেও সে শুনতো না। তাকে বারণ করাতেই শিক্ষাকর্মীকে মারধর করে। এই ঘটনায় আমরা আতঙ্কিত।" অন্য একজন শিক্ষক বলেন, "ছাত্রটির অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে। পুলিশ ওই ছাত্রটিকে থানায় ডেকে সতর্ক করেছে। সোমবার ওই ছাত্র স্কুলে এলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে শিক্ষকরা স্কুলে একটি বৈঠক করেন।