খেলার সময় তাদের বল শিক্ষকের বাড়ির ভিতরে পড়ে। তখনই রেগে গিয়ে এয়ারগান নিয়ে এসে গুলি চালান তিনি। গুলিতে জখম হয় এক শিশু।

শেষ আপডেট: 21 February 2026 11:32
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জে শিশুদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার হলেন এক প্রাথমিক শিক্ষক। হাসপাতালে চিকিৎসা চলছে গুলিতে জখম এক শিশুর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রঘুনাথগঞ্জ থানার বাণীপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সমীরকুমার মণ্ডল ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ, বাড়ির সামনের মাঠে ছোটদের খেলাধুলোয় বরাবর আপত্তি জানান তিনি। শুক্রবারও কয়েকজন শিশু শিক্ষকের বাড়ির সামনে একটি ফাঁকা মাঠে খেলাধুলো করছিল। খেলার সময় তাদের বল শিক্ষকের বাড়ির ভিতরে পড়ে। তখনই রেগে গিয়ে এয়ারগান নিয়ে এসে গুলি চালান তিনি। গুলিতে জখম হয় এক শিশু।
খবর জানাজানি হতেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে এয়ারগানটি। প্রত্যক্ষদর্শীরা জানান, চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে ওই শিক্ষক। আতঙ্কে ছোটরা ছুটে পালানোর চেষ্টা করলে একজনের হাতে গুলি লাগে।
আহত শিশুর বাবা বিশ্বজিৎ সাহা জানান, “আমার ছেলের মতোই ১০-১২ জন বাচ্চা খেলছিল। বল সমীরবাবুর বাড়ির দরজায় লাগতেই তিনি বন্দুক নিয়ে বেরিয়ে এসে গুলি চালান। আমার ছেলের হাতে গুলি লাগে। সঙ্গে সঙ্গে আমরা তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসেছি।” সেখানেই এখন শিশুটির চিকিৎসা চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি একটি আধুনিক এয়ারগান বলে মনে করা হচ্ছে। অস্ত্রটি পরীক্ষা করে দেখা হচ্ছে এবং কীভাবে এটি ব্যবহৃত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ধৃত শিক্ষকের দাবি, “ভয় দেখানোর উদ্দেশ্যেই গুলি চালিয়েছিলাম। কারও গায়ে লাগবে বুঝতে পারিনি।” ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।