ICDS সেন্টারের দিদিমণি অবশ্য দাবি করেন, তিনি কখনই বাচ্চাটিকে স্কুলে আসতে বারণ করেননি। তাঁর কথায়, "আমি কোনও অন্যায় করিনি বা বাচ্চাটিকে আমি স্কুল থেকে বের করে দিইনি।"

শেষ আপডেট: 26 February 2026 13:07
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা: বাবা দুরারোগ্য (HIV) রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাই তার ছোট্ট ছেলেকে ICDS স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল দিদিমনির বিরুদ্ধে। মহকুমা শাসকের দফতরে ওই পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে।
ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের মথুরাপুর এলাকায়। এখানকার এক বাসিন্দা দুরারোগ্য (HIV)রোগে আক্রান্ত হয়েছে বেশ কিছুদিন। তাঁর চিকিৎসাও চলছে। কিন্তু সেই রোগের কারণে অন্য উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই খবর এলাকায় রটে যাওয়ার পরেই ওই ব্যক্তির চার বছরের বাচ্চাকে এলাকার ICDS সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে বলে খবর। এই স্কুলেই পড়াশোনা করে বাচ্চাটি। খাবারও আনে। অভিযোগ, অন্যদিনের মতোই পড়তে গিয়েছিল সেখানে। কিন্তু সেখানকার দিদিমণি তাকে বলে স্কুল থেকে চলে যেতে। বাচ্চাটি বাড়িতে এসে খবর দিলে তার মা বাচ্চাটিকে আবার স্কুলে নিয়ে যায় কারণ জানতে। শিশুটির মা বলেন, "দিদিমণি বলেন ওর বাবা খারাপ রোগে আক্রান্ত তাই ওকে আর স্কুলে রাখা যাবে না।"
এরপর শিশুটির মা কান্নাকাটি করতে করতে ছেলেকে নিয়ে বাড়ি চলে আসেন। এবং বসিরহাট মহকুমা শাসকের দফতরে মেল মারফত এবং পরে লিখিত অভিযোগ দায়ের করেন । পরিবারের দাবি, তার বাচ্চা যাতে স্কুলে যেতে পারে সেই ব্যবস্থা করা হোক। শিশুটির পিসি জানান, স্কুল থেকে বাচ্চাটির জন্য খাবার পাঠানো হয়। কিন্তু ওকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না।
ICDS সেন্টারের দিদিমণি অবশ্য দাবি করেন, তিনি কখনই বাচ্চাটিকে স্কুলে আসতে বারণ করেননি। তাঁর কথায়, "আমি কোনও অন্যায় করিনি বা বাচ্চাটিকে আমি স্কুল থেকে বের করে দিইনি। আমার কাছে ছবি তোলা আছে। আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমার বদনাম করা হচ্ছে।"