১৯৯৯ সালে শিক্ষকতা শুরু করেন তনুশ্রী। ২০১৬ সাল থেকে তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। জনজাতি ও পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায় অধ্যুষিত গ্রামের এই বিদ্যালয়ে এক সময় ভর্তির হার ছিল কম, পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়ার প্রবণতা ছিল বেশি।

তনুশ্রী দাস
শেষ আপডেট: 3 September 2025 16:19
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় শিক্ষক পুরস্কার (National Teacher Award) ২০২৫ পেলেন মেদিনীপুরের (Medinipur) কুছলাচাটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তনুশ্রী দাস (Tanushree Das)। অভিনব শিক্ষণ-পদ্ধতি, বিদ্যালয়কে সমাজ পরিবর্তনের কেন্দ্রে পরিণত করা এবং নিবেদিত উদ্যোগের জন্য তাঁকে এই সম্মান জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (Central Education Ministry)। আগামী ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসে (Teachers' Day) তনুশ্রীর হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হবে সেই অনুষ্ঠান।
১৯৯৯ সালে শিক্ষকতা শুরু করেন তনুশ্রী। ২০১৬ সাল থেকে তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। জনজাতি ও পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায় অধ্যুষিত গ্রামের এই বিদ্যালয়ে এক সময় ভর্তির হার ছিল কম, পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়ার প্রবণতা ছিল বেশি। ছিল বাল্যবিবাহের প্রকোপও। তাঁর উদ্যোগে ২০১৬ সাল থেকে স্কুলটি সফলভাবে 'জিরো ড্রপআউট' প্রকল্প বাস্তবায়ন করছে।
শুধু শিক্ষায় নয়, সমাজ সংস্কারেও নজির গড়েছেন তিনি। বিষয়ভিত্তিক শ্রেণিকক্ষ তৈরি, প্রজেক্টরের মাধ্যমে পাঠদান, প্রযুক্তির ব্যবহার, নাচ-গান-নাটক, আঁকা, সেলাই ও বাগান চর্চার মতো সহশিক্ষামূলক কার্যক্রমে স্কুলটি এখন সমৃদ্ধ।
পাশাপাশি শিশুদের অগ্রগতিতে পরিবারকে যুক্ত করতে গড়েছেন 'নারী শক্তি' গোষ্ঠী, যারা বাল্যবিবাহ ও গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে কাজ করছে। মায়েদের অনুপ্রেরণায় চালু করেছেন 'মাদার অফ দ্য ইয়ার' পুরস্কার।
এছাড়া, বিদ্যালয়ে চালু হয়েছে স্কুল ব্যাংক—প্রতিটি ছাত্রছাত্রী ভাঁড়ে টাকা জমায়, যা ভবিষ্যতে উচ্চশিক্ষা বা জরুরি প্রয়োজনে কাজে লাগে। রয়েছে শুশ্রূষা কর্নার, যা শিশুদের কাছে পরিচিত “হাসপাতাল” নামে।
তাঁর নেতৃত্বে স্কুল পেয়েছে একাধিক স্বীকৃতি। সেগুলি হল -
স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার (২০২২)
নির্মল বিদ্যালয় পুরস্কার (২০২৩)
জেলা স্তরের সেরা শিখন সামগ্রী পুরস্কার (২০২৫)
জেলা স্তরের স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রতিযোগিতায় প্রথম স্থান (২০২৫)
কলায় স্নাতকোত্তর তনুশ্রী দেবীর লক্ষ্য, শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা এবং শিক্ষাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার করে তুলতে পারা।
চলতি বছর শিক্ষক দিবসে সারা দেশের ৪৫ জন শিক্ষক-শিক্ষিকার হাতে তুলে দেওয়া হবে ‘জাতীয় শিক্ষক পুরস্কার’। এই ৪৫ জনের মধ্যে পশ্চিমবঙ্গের মাত্র দু’জন রয়েছেন। তনুশ্রী দাস ছাড়াও তালিকায় আছেন কলকাতার একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা মধুরিমা আচার্য।