গ্রুপ এ–তে ভারতের পাশাপাশি রয়েছে পাকিস্তান, ইউএই ও ওমান। গ্রুপ বি–তে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা। সুপার ফোরে পৌঁছলে লড়াই হবে আরও কঠিন। ২৮ সেপ্টেম্বর নির্ধারিত ফাইনালেই জানা যাবে, কার হাতে উঠবে এশিয়ার সেরা টিমের তাজ!

ছবি: সংগৃহীত
শেষ আপডেট: 3 September 2025 16:05
দ্য ওয়াল ব্যুরো: চালু কাউন্টাডাউন, দিন গোনার পালা। সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। গ্রুপ পর্বেই রয়েছে হাইভোল্টেজ দ্বৈরথ—ভারত বনাম পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর দুবাইতে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। পহেলগাম জঙ্গি হামলার পর এটাই ভারত-পাক প্রথম মোলাকাত। মধ্যে গঙ্গা-সিন্ধু দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, উঠেছে বয়কটের দাবি।
যদিও সব ঝামেলা মিটিয়ে শেষ পর্যন্ত মাঠে নামছে টিম ইন্ডিয়া ও পাক ব্রিগেড। আর সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হতেই ক্রিকেট মহলে ভরপুর উন্মাদনা।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) জানিয়েছে, তিন রকম প্যাকেজে টিকিট পাওয়া যাবে।
প্যাকেজ ১: গ্রুপ এ–র সব ম্যাচ—অর্থাৎ, ভারত, পাকিস্তান, ওমান ও ইউএইয়ের লড়াই। দাম শুরু হচ্ছে ৪৭৫ দিরহাম (প্রায় ১১ হাজার টাকা) থেকে।
প্যাকেজ ২: সুপার ফোর পর্বের ম্যাচ। দাম শুরু ৫২৫ দিরহাম (প্রায় ১২,৫০০ টাকা) থেকে।
প্যাকেজ ৩: সবচেয়ে আকর্ষণীয়। দুটি সুপার ফোর ম্যাচ—২৫ সেপ্টেম্বর (A2 বনাম B2), ২৬ সেপ্টেম্বর (A1 বনাম B1) এবং ২৮ সেপ্টেম্বর ফাইনাল—সব মিলিয়ে একসঙ্গে বুক করা যাবে। দাম একই, ৫২৫ দিরহাম।
বাইশ গজে ব্যাট-বলের লড়াই শুরুর আগেই দুই শিবিরে উত্তেজনা তুঙ্গে। প্রাক্তন ভারতীয় তারকা মাদন লাল মনে করছেন, এই এশিয়া কাপে ফেভারিট ভারতই। তাঁর কথায়, ‘টিম ইন্ডিয়া দক্ষ দল। তবে টি-টোয়েন্টি ক্রিকেট সবসময়ই অনিশ্চয়তার খেলা। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ আর আফগানিস্তানও সমানে সমানে লড়বে। বিশেষ করে আফগানিস্তান এখন দুর্দান্ত খেলছে!’
দল বাছাই প্রসঙ্গে মদন লালের সংযোজন, ‘কুলদীপ যাদবকে দলে রাখা উচিত। ওর বোলিং স্টাইল খুব আলাদা, টি-টোয়েন্টিতে সামলানো কঠিন। তবে সবটাই নির্ভর করছে পিচ আর টিম কম্বিনেশনের উপর। দু’জন স্পিনার আর তিনজন পেসার খেলালে ভারসাম্য ঠিক থাকবে!’
গ্রুপ এ–তে ভারতের পাশাপাশি রয়েছে পাকিস্তান, ইউএই ও ওমান। গ্রুপ বি–তে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা। সুপার ফোরে পৌঁছলে লড়াই হবে আরও কঠিন। ২৮ সেপ্টেম্বর নির্ধারিত ফাইনালেই জানা যাবে, কার হাতে উঠবে এশিয়ার সেরা টিমের তাজ!