বোর্ড চাইছে টুর্নামেন্ট শুরুর আগেই একটা সমাধান হোক। তবে বাজারের বাস্তবতা বলছে, এশিয়া কাপে হয়তো কোনও সংস্থার লোগো খোদাই ছাড়া ফাঁকা জার্সিতে মাঠে দেখা যাবে সূর্যকুমার ব্রিগেডকে!

সূর্যকুমার যাদব
শেষ আপডেট: 3 September 2025 10:17
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট টিমের জার্সিতে হয়তো থাকবে না কোনও প্রধান স্পনসরের নাম। বিনা লোগোর জার্সিতেই মাঠে নামবেন শুভমান গিল, সূর্যকুমার যাদবরা। প্রধান কারণ ড্রিম ১১ (Dream11)-এর মাঝপথে চুক্তি ভেঙে বেরিয়ে যাওয়া। যা সামাল দিতে বিসিসিআইকে নতুন স্পনসরের সঙ্গে পাকা কথা সেরে ফেলতে হত। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে বোর্ড। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সময় বড্ড কম। টুর্নামেন্ট শুরু হতে মাত্র কয়েকদিন বাকি। তার আগে খাতায়-কলমে কাজ গুছিয়ে ফেলাটা কার্যত অসম্ভব।
গত মাসেই কেন্দ্রীয় সরকার পাশ করেছে অনলাইন গেমিং অ্যাক্ট (Promotion and Regulation of Online Gaming Act 2025)। তাতে স্পষ্ট বলা হয়েছে, অনলাইন মানি গেমিং পরিষেবা চালানো বা তার বিজ্ঞাপন দেওয়া বেআইনি। ড্রিম ১১–এর মূল ব্যবসাই ছিল এই নিয়ে। যে কারণে নতুন আইন কার্যকর হওয়ামাত্র তারা বোর্ডকে জানায়—সম্পর্ক রক্ষা করা অসম্ভব। চুক্তিপত্রে এ-ধরনের অবস্থার জন্য এক্সিট ক্লজও রাখা ছিল। ফলে ২০২৬ সাল পর্যন্ত, প্রায় ৩৫৮ কোটি টাকা মূল্যের চুক্তি, বছরখানেক আগেই ভেঙে গেল।
মঙ্গলবারই বোর্ড নতুন টাইটেল স্পনসরের জন্য দরপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত কেনা যাবে নথি, ১৬ সেপ্টেম্বর জমা দিতে হবে বিড। অথচ এশিয়া কাপ শুরু ৯ সেপ্টেম্বর, শেষ ২৮ সেপ্টেম্বর। অর্থাৎ, প্রতিযোগিতা চলাকালীনও স্পনসরশিপের প্রশ্ন ঝুলে থাকার ষোলো আনা সম্ভাবনা!
প্রসঙ্গত, বিসিসিআই স্পষ্ট করেছে—অ্যালকোহল, তামাক, ক্রিপ্টো, অনলাইন মানি গেমিং, বেটিং বা কোনওরকম ‘অশোভন’ পরিষেবা দেওয়া সংস্থা নিলামে অংশ নিতে পারবে না। পাশাপাশি যেসব ক্ষেত্র ইতিমধ্যেই বোর্ডের সঙ্গে স্পনসরশিপে যুক্ত—যেমন অ্যাথলিজার ও স্পোর্টসওয়্যার (Adidas), ব্যাংকিং (IDFC First Bank), বীমা (SBI Life), সফট ড্রিঙ্কস (Campa Cola)—সেই ক্যাটাগরিও কালো তালিকাভুক্ত (ব্লকড) হয়েছে।
এর আগে ২০১৯–এও মাঝপথে চুক্তি ভেঙেছিল ওপো (Oppo)। সেবার ফাঁক ভরাট করেছিল বাইজু’স (Byju’s)। তারপর ২০২৩ সালে জয়ী বিডার হিসেবে হাতে ধরে ড্রিম ১১। দু’বছর পেরোতে না পেরোতেই একই পরিণতি!
টুর্নামেন্ট খেলতে ভারতীয় দল রওনা দেবে ৪ সেপ্টেম্বর। গ্রুপ এ–তে রয়েছে পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহি। ১০ সেপ্টেম্বর দুবাইয়ে ভারতের প্রথম ম্যাচ ইউএইয়ের বিরুদ্ধে, ১৪ তারিখ পাকিস্তান, ১৯ তারিখ আবুধাবিতে প্রতিপক্ষ ওমান। সুপার ফোরে উঠলে আরও কঠিন লড়াই, ২৮ সেপ্টেম্বর ফাইনাল।
এই পরিস্থিতিতে বোর্ড চাইছে টুর্নামেন্ট শুরুর আগেই একটা সমাধান হোক। তবে বাজারের বাস্তবতা বলছে, এশিয়া কাপে হয়তো কোনও সংস্থার লোগো খোদাই ছাড়া ফাঁকা জার্সিতে মাঠে দেখা যাবে সূর্যকুমার ব্রিগেডকে!