অভিযোগ— কাপড় কাটার ধারাল কাঁচি নিয়ে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে সারোয়ারকে একের পর এক কোপ মারতে থাকেন তিনি। সারোয়ারের আর্ত চিৎকারে দৌড়ে আসেন প্রতিবেশীরা।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 17 November 2025 19:40
দ্য ওয়াল ব্যুরো: পরকীয়ার সন্দেহ (Extramarital affair)! আর সেই থেকেই রক্তগরম। হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় সোমবার দুপুরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। সন্দেহভাজন যুবককে রাস্তার মধ্যেই কাঁচি দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠল এক দর্জির বিরুদ্ধে। গুরুতর জখম মহম্মদ সারোয়ার এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকড়ার পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা শেখ শাহরুখ পেশায় দর্জি। বছর দু’য়েক আগে মুম্বই থেকে ফিরে আসার পর থেকেই স্ত্রীর আচরণে সন্দেহ দানা বাঁধতে থাকে তাঁর মনে। সন্দেহের তীর গিয়ে আটকায় প্রতিবেশী সারোয়ারের দিকে (affair with his wife)। মাস ছয়েক ধরে সেই সন্দেহ আরও ঘনীভূত হচ্ছিল বলেই দাবি পরিবারের।
সোমবার দুপুরে সারোয়ারকে একা পেয়ে নাকি আর নিজেকে সামলাতে পারেননি শাহরুখ। অভিযোগ— কাপড় কাটার ধারাল কাঁচি নিয়ে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে সারোয়ারকে একের পর এক কোপ মারতে থাকেন তিনি। সারোয়ারের আর্ত চিৎকারে দৌড়ে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও সেখানেই চিকিৎসাধীন।
স্থানীয়দের দাবি, গোটা ঘটনা ধরা পড়েছে এলাকায় লাগানো সিসি ক্যামেরায়। পুলিশের হাতে সেই ফুটেজ পৌঁছনোর পর তদন্ত আরও দ্রুত এগোবে বলেই আশা।
অভিযুক্তের মা বলেন, “মাস ছ’য়েক ধরে বৌমাকে সন্দেহ করত ছেলে। বারবার বলত, সম্পর্ক আছে সারোয়ারের সঙ্গে।” তবে সারোয়ারের পরিবার পাল্টা দাবি তুলেছে, অভিযোগ সবই ভিত্তিহীন, নিছক সন্দেহ থেকেই এমন ভয়ানক হামলা। “ইচ্ছা করলে ওকে মেরেই ফেলতে পারত,” বলে অভিযোগ তাঁদের।
এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। বাঁকড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে হামলার পর থেকেই পলাতক শাহরুখ। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে।
ভুল বোঝাবুঝি থেকেই জন্ম নিচ্ছে সন্দেহ! আর সেই সন্দেহ ভেঙে দিচ্ছে সত্যিকারের সম্পর্কগুলোকে? প্রশ্ন উঠছে জনমানসে।