বিক্ষোভস্থলে উঠে আসছে আরেকটি অভিযোগও, অতিরিক্ত কাজের চাপে বহু বিএলও শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত।
_0.jpeg.webp)
নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 17 November 2025 13:49
দ্য ওয়াল ব্যুরো: বিএলওদের (BLO) উপর বাড়তি দায়িত্ব চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ফের রাস্তায় নেমে আন্দোলনে শিক্ষাকর্মীদের একাংশ। অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ ডেটা এন্ট্রির কাজ, শিক্ষা বহির্ভূত ডিউটির বোঝা, শারীরিক–মানসিক চাপ—সব মিলিয়ে ক্ষোভ তুঙ্গে (Excessive data entry pressure, allegations of mental harassment)।
সেই ক্ষোভের বহিঃপ্রকাশেই সোমবার কলকাতায় সিইও দফতর অভিযান, বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করল শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের বিএলও শাখা (BLOs protest at CEO's office, Kolkata)।
বিক্ষোভকারীদের অভিযোগ, SIR-এর ফর্ম জমা দেওয়ার সময়সীমা অত্যন্ত কম। সময়সীমা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি যেকোনও অন-ডিউটির ক্ষেত্রে সুস্পষ্ট লিখিত নোটিস বাধ্যতামূলক করার দাবি তুলেছেন তাঁরা।
বিক্ষোভস্থলে উঠে আসছে আরেকটি অভিযোগও, অতিরিক্ত কাজের চাপে বহু বিএলও শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। শিক্ষা বহির্ভূত দায়িত্ব, একের পর এক জরুরি নির্দেশ, সময়সীমার চাপ—সব মিলিয়ে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে বলে দাবি কর্মীদের।
এদিন শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, “অবিলম্বে বিএলওদের ওপর অতিরিক্ত চাপ কমাতে হবে। প্রতিটি দায়িত্বের জন্য স্পষ্ট নির্দেশ ও পর্যাপ্ত সময় দিতে হবে। নাহলে এইভাবে কাজ করা অসম্ভব।”
কর্মসূচিতে উপস্থিত শিক্ষাকর্মীরা জানান, যথাযথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। এখন দেখার এ ব্যাপারে কমিশন কী করে।