এই ঘটনার প্রতিবাদে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে শনিবার মিছিল হল চুঁচুড়ায়।

শেষ আপডেট: 31 May 2025 18:40
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিক্ষোভের সময় কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দেওয়া বিজেপি কর্মীদের বিরুদ্ধে সুয়োমোটো মামলা রুজু করল চুঁচুড়া থানার পুলিশ।
অপারেশন সিঁদুর নিয়ে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর বক্তব্য। তার পাল্টা মুখ্যমন্ত্রীর বক্তব্য। এবং এরই প্রতিবাদে চুঁচুড়ার পিপুলপাতির মোড়ে শুক্রবার বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। রাস্তায় বসে থাকা মহিলা বিজেপি কর্মীদের টেনে সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। তখন মহিলা পুলিশ কর্মীদের কপালে সিঁদুর লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনা নিয়ে তোলপাড় হয় গোটা জেলা। এই ঘটনায় শনিবার চুঁচুড়া থানার পুলিশ সুয়োমোটো মামলা রুজু করে। নোটিস ধরানো হয় ছয় বিজেপি কর্মীকে।
এদিকে এই ঘটনার প্রতিবাদে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে শনিবার মিছিল হল চুঁচুড়ায়। তিনি বলেন, "সিঁদুর নিয়ে ছেলেখেলা করছে বিজেপি। মহিলা পুলিশ কর্মীদের গালে সিঁদুর লেপে দিয়েছে। এর প্রতিবাদে পিপুলপাতি মোড় থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত আমরা মিছিল করি।" মিছিল শেষে চুঁচুড়া থানায় গিয়ে বিধায়ক একটি অভিযোগ করেন।নাম না করে গতকালের ঘটনার কয়েকজনের বিরুদ্ধে তদন্ত দাবি করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর বক্তব্য ফেসবুকে লেখার জন্য বিজেপির এক মহিলা কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেন।