শনিবার বিকেলে তাঁকে আলিপুর আদালতে তোলা হলে ১২ জুন পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

শর্মিষ্ঠা পানোলি।
শেষ আপডেট: 31 May 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর নিয়ে একটি পোস্টে আপত্তিকর মন্তব্য করার জন্য শুক্রবার রাতে গুরুগ্রাম থেকে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আইন ছাত্রীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। শনিবার বিকেলে তাঁকে আলিপুর আদালতে তোলা হলে ১২ জুন পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। শর্মিষ্ঠা পানোলি নামে ওই ছাত্রী পুনের বাসিন্দা। পুলিশ সূত্র জানিয়েছে, পরে ওই ভিডিও ডিলিট করে ফেলা হয়েছে। যদিও পুলিশের দাবি, পানোলি সেটা ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন। যাতে নির্দিষ্ট একটি ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে ‘অসম্মানজনক ও অপমানকর’ মন্তব্য লেখা ছিল।
অভিযোগ, শর্মিষ্ঠা অপারেশন সিঁদুর নিয়ে বলিউড তারকাদের নীরবতা নিয়ে বিতর্কিত পোস্ট করেন। সেই মন্তব্যে তিনি আপত্তিজনক ভাষা প্রয়োগ করেন বলে অভিযোগে রয়েছে। পুনের আইন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শর্মিষ্ঠা। পানোলির আইনজীবী মহম্মদ সামিমউদ্দিন বলেন, আমরা জামিনের আবেদন জানিয়েছিলাম। তাঁর মক্কেলের মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ তাঁকে হেফাজতে চাইলেও আদালত তা খারিজ করে দিয়েছে।
শর্মিষ্ঠা ডিলিট করার আগেই ওই পোস্ট ভাইরাল হয়ে যায়। যার ভিত্তিতে কলকাতার একটি থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে কলকাতা পুলিশ ওই ছাত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। পুলিশের এক পদস্থ কর্তা বলেন, শর্মিষ্ঠা পানোলি নামে এক মহিলার ইনস্টাগ্রামের ভিডিওতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, ওই ছাত্রীকে বারবার আইনি নোটিস পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। তাঁর পরিবার বাড়ি ছেড়ে চলে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। এরপর আদালত থেকে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তার ভিত্তিতে গুরুগ্রাম থেকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে শর্মিষ্ঠাকে। অবশ্য শর্মিষ্ঠা বিতর্ক তৈরি হওয়ার পর ওই ভিডিওটি ডিলিট করে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন।