এদিন বিকেলে সন্দেশখালিতে মাত্র ১ মিনিটের ঝড়ের তাণ্ডবে তছনছ হল শতাধিক বাড়ি, আহত হয়েছেন অনেকেই। এখনই দুর্যোগ কাটেনি, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে বলে আশঙ্কা।

ছবি- এআই নির্মিত
শেষ আপডেট: 2 October 2025 19:54
দ্য ওয়াল ব্যুরো: দশমীর সকাল থেকেই আকাশ মেঘলা, বৃষ্টিও শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। ঝড়-বৃষ্টির সতর্কতা ছিলই। এদিন বিকেলে সন্দেশখালিতে (Storm at Sandeshkhali) মাত্র কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে তছনছ হল শতাধিক বাড়ি, আহত হয়েছেন অনেকেই। এখনই দুর্যোগ কাটেনি, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে বলে আশঙ্কা।
আজ সকাল থেকে শহরের নানা অংশে বৃষ্টিপাত শুরু হয়েছিল। বেলা গড়াতেই বৃষ্টির পরিমাণ বেড়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বুধবার মধ্যরাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সিস্টেম ২ অক্টোবর দশমীর রাত থেকে ৩ অক্টোবর একাদশীর ভোরের মধ্যে গোপালপুর ও পারাদ্বীপের মাঝখান দিয়ে ওড়িশা ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রত্যক্ষ প্রভাবে বাংলায় বৃষ্টি হচ্ছে এবং তা আগামী কয়েকদিন ধরে চলবে বলেই আভাস দিয়েছে আলিপুর।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামার সম্ভাবনাও রয়েছে।
কলকাতায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত হালকা বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দারজিলিং, কালিম্পং, কোচবিহারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।