হাওয়া অফিস জানিয়েছেন, ৩ অক্টোবর, বুধবার সকাল পর্যন্ত কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা (Heavy Rain Alert in Kolkata) দেওয়া হয়েছে। আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া সতর্কতা বার্তায় এই কমলা রঙের তাৎপর্য কী?
আইএমডি জানাচ্ছে, মানুষকে আবহাওয়া-জনিত বিপদ নিয়ে সতর্ক করার প্রয়োজন হলে এই কমলা সতর্কতা জারি করা হয়। এর অর্থ হল, বড় ক্ষতি হতে পারে, ঘড়বাড়ি ভাঙতে পারে, মানুষের মৃত্যুও হতে পারে।
এক আইএমডি কর্তার কথায়, "আবহাওয়া কতটা বিপদ ঘটাতে পারে, তা নিয়ে মানুষ কতটা তৎপর হবে, তা বোঝাতেই রঙের সতর্কতা দেওয়া হয়। সাধারণ মানুষ এবং প্রশাসন সবাই যাতে ব্যবস্থা নিতে পারে আবহাওয়া জনিত বিপর্যয়ের আগেই, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। ঝুঁকি কমানোর জন্য আগাম প্রস্তুতিই সবচেয়ে জরুরি।"
দেখে নেওয়া যাক, কোন রঙের ক্ষেত্রে কী তাৎপর্য বোঝায় আইএমডি (IMD Color Code)।
আবহাওয়ার কালার কোড সবুজ মানে, কোনও সতর্কতার প্রয়োজন নেই। আবহাওয়া সুন্দর ও স্বাভাবিক রয়েছে, বিপর্যয়ের আশঙ্কা নেই।
হলুদ সতর্কতা বা 'ইয়েলো অ্যালার্ট' জারি মানে, বেশ কয়েক দিন ধরে বেশ বাজে আবহাওয়া থাকবে। স্বাভাবিক রুটিন ব্যাহত হবে। ছোটখাটো ক্ষয়ক্ষতি হতে পারে।
এর পরেই আসে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা, যে কথা আগেই বলা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে বহু মানুষ বিপদে পড়তে পারেন। রাস্তা, রেলপথ বন্ধ হতে পারে। বিদ্যুৎ সংযোগ ব্যাহত হতে পারে।
সবচেয়ে খারাপ আবহাওয়ার বিপদ বোঝাতে বলা হয় রেড অ্যালার্টের কথা। এর অর্থ হল, চরম বাজে আবহাওয়ায় বিপর্যয় নেমে আসার আশঙ্কা। রাস্তাঘাটে চলাফেরা বন্ধ হতে পারে, বিদ্যুৎ, টেলিফোন সংযোগ কেটে যেতে পারে। বহু প্রাণহানির আশঙ্কা রয়েছে।
কতটা খারাপ আবহাওয়ার আশঙ্কায় কী রঙের সতর্কতা (IMD Color Code) জারি হবে?
এই কালার কোড ঠিক করার জন্য একটি স্বতন্ত্র পদ্ধতি রয়েছে আইএমডি-র। ভৌগোলিক পরিস্থিতি, জলের ধরন, হাওয়ার গতি-- এমন নানা দিক বিচার করে হিসেব কষে দেখা হয়, আসন্ন পূর্বাভাসের প্রভাব কতটা পড়তে পারে জীবনযাপনে। সেই তীব্রতার উপর ভিত্তি করে ঝুঁকির সম্ভাব্য পরিমাণ বিচার করা হয় এবং নির্দিষ্ট রং নির্ধারণ করা হয় সতর্কতার।
আবার এই রঙের ঘোষণাও জায়গা বিশেষে নির্ভর করে। প্রতিটি জেলায় যে সতর্কতা ঘোষণা হয়, মহকুমা স্তরেও সেটা যে একই থাকবে, তা নাও হতে পারে। এলাকাভিত্তিক অনেক ফ্যাক্টর হিসেবের মধ্যে ধরতে হয়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বুধবার মধ্যরাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সিস্টেম ২ অক্টোবর দশমীর রাত থেকে ৩ অক্টোবর একাদশীর ভোরের মধ্যে গোপালপুর ও পারাদ্বীপের মাঝখান দিয়ে ওড়িশা ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর ফলে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।