মেডিক্লেমের ওপর জিএসটি প্রত্যাহারের দাবিও তাঁরই প্রথম ছিল, এ কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 16 September 2025 17:21
দ্য ওয়াল ব্যুরো: ব্রিকস নেটওয়ার্কে (BRICS network) জায়গা করে নিয়ে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে নতুন পালক যোগ করল এসএসকেএম হাসপাতাল (SSKM)। মঙ্গলবার এসএসকেএমের নবনির্মিত উডর্বাণ-২ ‘অনন্য’ ভবনের উদ্বোধনে এসে এই সুখবর জানতে পেরে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee ) মঞ্চে দাঁড়িয়েই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করতে হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লক্ষ টাকার আর্থিক উপহার ঘোষণা করেন।
এই সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী বলেন, “আপনাদের জন্য আমাদের একটা ছোট্ট কনট্রিবিউশন — যাতে সবাই মিলে একটা গেট-টুগেদার করতে পারেন, আড্ডা মারতে পারেন, মনটা একটু রিল্যাক্স করতে পারেন। টেনশন ফ্রি হওয়াটাও তো দরকার।” তিনি আরও জানান, এই টাকার জন্য কোনও কাজ করতে হবে না, শুধুই আনন্দ করতে হবে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত দু’মাস ধরে মুখ্যমন্ত্রীর উপস্থিতির অপেক্ষায় এই খবরে তালা দেওয়া হয়েছিল। মঙ্গলবার সেই গোপন তথ্য প্রকাশ্যে আনতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
ব্রিকস নেটওয়ার্কে ভারত থেকে যে ২০টি সংস্থাকে বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে স্বাস্থ্য খাতে মাত্র দু’টি প্রতিষ্ঠান জায়গা পেয়েছে। একটি পন্ডিচেরি থেকে, অন্যটি পশ্চিমবঙ্গের আইপিজিএমইআর তথা এসএসকেএম। এই আন্তর্জাতিক স্বীকৃতি যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মান কতটা উন্নত হয়েছে, তা আবারও প্রমাণ করল।
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য খাতের আর্থিক উন্নতির কথাও তুলে ধরেন। তিনি জানান, “২০১১ সালে যেখানে স্বাস্থ্যখাতে বাজেট ছিল মাত্র ৩,৬৮৪ কোটি টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২১,৩৫৫ কোটি টাকায়। বিনামূল্যে বাচ্চাদের হার্ট অপারেশন হচ্ছে, স্বাস্থ্যসাথী চালু হয়েছে — এগুলো সাধারণ মানুষের জন্য বিশাল উপকার।”
মেডিক্লেমের ওপর জিএসটি প্রত্যাহারের দাবিও তাঁরই প্রথম ছিল, এ কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবারের অনুষ্ঠান যেন শুধু এক ভবনের উদ্বোধন ছিল না, ছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একটি ঐতিহাসিক গৌরবের দিন। আর সেই আনন্দে রাজ্যের তরফে ছিল একপ্রকার ‘পার্টি ফান্ড’ — যা নিঃসন্দেহে এক অভিনব উদাহরণ বলেই মনে করছেন অনেকে।