২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থর বাড়িতে অভিযান চালায় ইডি। একইসঙ্গে, পার্থর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১ কোটি ৯০ লক্ষ টাকা, আর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা।

পার্থ চট্টোপাধ্যায়।
শেষ আপডেট: 16 September 2025 13:04
দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় (Group C case, Recruitment Corruption Case) অবশেষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
আলিপুরের বিশেষ সিবিআই আদালত ৯০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পার্থকে জামিন মঞ্জুর করেছে। তবে সঙ্গে দেওয়া হয়েছে একাধিক শর্ত। আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে। অনুমতি ছাড়া কলকাতা ছেড়ে যেতে পারবেন না।
তবে এই জামিন সত্ত্বেও আপাতত জেলমুক্তি হচ্ছে না পার্থর। কারণ, এখনও ঝুলে রয়েছে বহুচর্চিত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। হাইকোর্টে সেই মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। কিন্তু রায়দান স্থগিত রয়েছে। ফলে সেই মামলায় জামিন না পাওয়া পর্যন্ত মুক্তি মিলছে না পার্থর।
উল্লেখ্য, ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থর বাড়িতে অভিযান চালায় ইডি। একইসঙ্গে, পার্থর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১ কোটি ৯০ লক্ষ টাকা, আর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ নগদ উদ্ধারের পরই গ্রেফতার করা হয় পার্থ এবং অর্পিতাকে।
এরপর একের পর এক দুর্নীতির মামলায় নাম জড়ায় পার্থর। নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গ্রুপ সি ও গ্রুপ ডি— সবেতেই নাম রয়েছে তাঁর। অধিকাংশ মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন তিনি।
আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, একজন অভিযুক্তকে দীর্ঘদিন জেলে রাখা আইনসম্মত নয়, যদি না প্রমাণসহ চার্জশিট পেশ করা হয়। কেন্দ্রীয় সংস্থার তদন্তের গতি নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। তাঁদের মতে, এতদিন পরেও যদি মূল মামলায় রায় না আসে, তাহলে তা প্রশ্ন তো তুলবেই।
সবমিলিয়ে, প্রায় তিন বছর পর পার্থর কারামুক্তির আশায় এখন টানটান অপেক্ষা। হাইকোর্টের রায়ের দিকেই তাকিয়ে সব মহল।