ইডি-র দাবি, নিয়োগ প্রার্থীদের থেকে গড়ে ৮ লক্ষ টাকা করে ঘুষ নিয়েছিলেন চন্দ্রনাথ। ১৫৯ জন প্রার্থীর কাছ থেকে নেওয়া সেই অর্থের মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ১২.৭২ কোটি টাকা।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 16 September 2025 14:47
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Case) ফের চাপে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Prison Minister Chandranath Sinha)। মঙ্গলবার কলকাতার বিশেষ আদালতে হাজিরা দেন তিনি।
সেই শুনানিতে তাঁর বিরুদ্ধে নতুন তথ্য ও প্রমাণ পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্রের খবর, বীরভূমে জমি সংক্রান্ত নথিপত্র এবং সন্দেহজনক লেনদেনের তথ্য আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
ইডি-র দাবি, নিয়োগ প্রার্থীদের থেকে গড়ে ৮ লক্ষ টাকা করে ঘুষ নিয়েছিলেন চন্দ্রনাথ। ১৫৯ জন প্রার্থীর কাছ থেকে নেওয়া সেই অর্থের মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ১২.৭২ কোটি টাকা। এই বিপুল টাকার কোনও ব্যাখ্যা এখনও পর্যন্ত দিতে পারেননি মন্ত্রী, এমনটাই দাবি তদন্তকারীদের। ওই অর্থের কোনও হদিস নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সম্পত্তির নথিতেও।
এদিন ইডি-র প্রমাণ পেশের পর সময় চান মন্ত্রীর আইনজীবী। বিচারক সেই আবেদন মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেন আগামী শনিবার।
উল্লেখ্য, বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের জবানবন্দিতে উঠে আসে চন্দ্রনাথের নাম। এরপরই শুরু হয় তদন্ত। ইডি সূত্রে খবর, মন্ত্রীর বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
তবে এই মামলায় গত সপ্তাহেই আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চন্দ্রনাথ। আদালত শর্ত দিয়েছে—তাঁকে কলকাতা ও নিজের বিধানসভা কেন্দ্র ছেড়ে কোথাও যেতে পারবে না এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে।
সব চোখ এখন শনিবারের শুনানির দিকেই—চন্দ্রনাথ কি দিতে পারবেন ১২.৭২ কোটির হিসেব? নাকি উঠবে জামিন খারিজের প্রশ্ন?