সুপ্রিম কোর্টেও এই নিয়ে পিটিশন দাখিল হয়েছিল, যার পরে রাজ্য বিধানসভার স্পিকারের ব্যাখ্যা আসে। মঙ্গলবার সেই পুরনো মামলারই শুনানিতে ফের কলকাতা হাইকোর্টে উপস্থিত হন শুভেন্দু।
_0.jpeg.webp)
শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 16 September 2025 14:40
দ্য ওয়াল ব্যুরো: পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান পদে মুকুল রায়ের (Mukul Ray) নিয়োগ নিয়ে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। ২০২১ সালের সেই বিতর্কিত নিয়োগকে 'নীতি-বহির্ভূত' আখ্যা দিয়ে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Calcutta High Court)। মঙ্গলবার সেই মামলার শুনানির জন্য কলকাতা হাইকোর্টে হাজির হন তিনি (Suvendu Adhikari)।
মূল বিতর্কের কেন্দ্রবিন্দু—কোন দলে আছেন মুকুল রায়? একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে কৃষ্ণনগর উত্তর আসন থেকে বিধায়ক হন তিনি। কিন্তু কিছুদিন পরেই তৃণমূল ভবনে গিয়ে ছেলে শুভ্রাংশুকে সঙ্গে নিয়ে পুরনো দলে ফেরার ঘোষণা করেন। শাসকদলের তরফে তাঁকেই বসানো হয় পিএসি-র চেয়ারম্যানের পদে। অথচ রীতি অনুযায়ী, এই পদটি সাধারণত বিরোধী দলের বিধায়কের জন্যই নির্ধারিত থাকে।
এই নিয়োগের বিরোধিতা করে প্রথমে বিধানসভার স্পিকারের কাছে মুকুল রায়ের বিধায়কপদ খারিজের দাবি জানায় বিজেপি। পাশাপাশি, পিএসি-তে তাঁর নিযুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় ও শুভেন্দু অধিকারী। স্পিকার তখন জানিয়ে দেন—মুকুল রায় এখনও বিজেপিতেই আছেন। তাঁর আইনজীবীরা আদালতেও জানান, তিনি কোনও দলবদল করেননি, শুধুমাত্র "সৌজন্য" দেখাতে তৃণমূলের মঞ্চে গিয়েছিলেন।
এ নিয়েই বিরোধীদের দাবি, একদিকে তৃণমূলের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক রাখছেন, অন্যদিকে নিজেকে বিজেপির বিধায়ক হিসেবে পরিচয় দিচ্ছেন—এ যেন আইন এবং রীতিনীতির প্রকাশ্য উপহাস।
সুপ্রিম কোর্টেও এই নিয়ে পিটিশন দাখিল হয়েছিল, যার পরে রাজ্য বিধানসভার স্পিকারের ব্যাখ্যা আসে। মঙ্গলবার সেই পুরনো মামলারই শুনানিতে ফের কলকাতা হাইকোর্টে উপস্থিত হন শুভেন্দু। তাঁর দাবি, মুকুল রায়ের বিধায়ক পদ ও পিএসি চেয়ারম্যানের পদ—দুটোই এখন আইনি এবং সাংবিধানিক প্রশ্নের মুখে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অসুস্থ মুকুল রায়। বিধানসভাতেও দীর্ঘদিন আসেননি তিনি। এখন দেখার আদালত কী রায় দেয়।