ধনেখালিতে এসআইআর (SIR Controversy) আতঙ্কে তরুণীর আত্মহত্যার চেষ্টা। মেয়েকে কীটনাশক খাইয়ে নিজেও বিষ পান করলেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এসএসকেএমে। এনিয়ে শুরু রাজনৈতিক তরজা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 November 2025 17:22
দ্য ওয়াল ব্যুরো: ধনেখালিতে ফের আত্মহত্যার চেষ্টা। নিজের মেয়েকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন এক তরুণী।
ধনেখালি থানার সোমসপুর-২ গ্রাম পঞ্চায়েতের কানা নদী এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ২৭ বছরের ওই তরুণীর নিজের বাড়ি ওই এলাকাতেই। প্রায় আট বছর আগে তাঁর বিয়ে হয় হরিপালে। কিন্তু পারিবারিক বিবাদের কারণে গত পাঁচ-ছয় বছর ধরে ধনেখালিতে ফিরে আসেন।
শনিবার সকালে তিনি প্রথমে মেয়েকে কীটনাশক খাওয়ান। পরে নিজেও বিষ পান করেন বলে অভিযোগ। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দু’জনকে প্রথমে ধনেখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের পাঠানো হয় কলকাতার এসএসকেএমে। বর্তমানে মা-মেয়ে দু’জনেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন।
পরিবারের অভিযোগ, সম্প্রতি তরুণীর বাড়ির সকলকে এসআইআরের ফর্ম দেওয়া হয়েছিল, কিন্তু তাঁকে দেওয়া হয়নি। এরপর থেকেই তিনি আতঙ্কে ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, এই আতঙ্কই তাঁকে মানসিকভাবে ভেঙে দেয়। পাশাপাশি, শ্বশুরবাড়ির সঙ্গে তাঁর যোগাযোগও সম্পূর্ণ বন্ধ। ফলে কোনও সাহায্য পাননি সেখান থেকে।
ধনেখালির বিধায়ক অসীমা পাত্র ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি বিজেপিকে কাঠগড়ায় তুলে বলেন, “যেভাবে বিজেপি নেতারা বলছেন ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেব, তাতে গোটা বাংলায় আতঙ্ক ছড়িয়েছে। কিছুদিন আগে ডানকুনিতে এমন ঘটনা ঘটেছে, এবার ধনেখালিতে। ওই মহিলা ফর্ম ফিলআপ করতে পারেননি, তাই আতঙ্কে ছিলেন।”
অন্যদিকে, গৃহবধূর ভাইয়ের দাবি, “ও ফর্ম পায়নি বলেই চিন্তায় ছিল। শ্বশুরবাড়ির সঙ্গেও যোগাযোগ নেই। হয়তো ভেবেছে আমি আর ফর্ম পাব না। এই সিদ্ধান্ত তার ফলেই।”
ঘটনার তদন্ত শুরু করেছে ধনেখালি থানার পুলিশ। পরিবারের অভিযোগ এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার বিষয়েও পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।