তবে আনম্যাপড নামের বিষয়টি নিয়ে এখনও জটিলতা রয়ে গিয়েছে।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 3 February 2026 20:50
দ্য ওয়াল ব্যুরো: এসআইআরের (SIR) দ্বিতীয় পর্ব প্রায় শেষ। সব কিছু ঠিক থাকলে কমিশনের (Election Commission) পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List)।
কমিশনের তরফে জানানো হয়েছে, বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দ্বিতীয় পর্বে মোট শুনানির সংখ্যা কমবেশি ১ কোটি ৫১ লক্ষ। এর মধ্যে আনম্যাপড নাম এবং তথ্যগত অসংগতি—দু’ধরনের বিষয়ই রয়েছে। কমিশন সূত্রের দাবি, এই বিপুল সংখ্যক শুনানির মধ্যে ইতিমধ্যেই এক কোটি কুড়ি লক্ষেরও বেশি সম্পন্ন হয়েছে। প্রশাসনিক তৎপরতায় জোর দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন।
শুনানি প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৯৫ লক্ষ ক্ষেত্রে প্রয়োজনীয় নথি আপলোড করা হয়েছে। তার মধ্যে যাচাই বা ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে প্রায় ৫৫ লক্ষ আবেদনকারীর। সব সংশ্লিষ্ট ভোটারকে নোটিসও জারি করা হয়ে গিয়েছে বলে দাবি কমিশনের। ফলে দ্বিতীয় পর্বের এসআইআর কার্যত শেষের পথে।
তবে আনম্যাপড নামের বিষয়টি নিয়ে এখনও জটিলতা রয়ে গিয়েছে। কমিশন সূত্রের ব্যাখ্যা, যাঁদের নাম আনম্যাপড হিসেবে চিহ্নিত রয়েছে, তাঁদের মধ্যে কেউ যদি ফর্ম ফিলাপ করে নতুন করে নাম নথিভুক্তির আবেদন জানান, সেই আবেদনও শুনানির আওতায় আনা হয়েছে। যদিও কমিশনের অভিমত, এই শ্রেণির আবেদনকারীদের বেশিরভাগের নামই শেষ পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
এদিকে, বুথ ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত বিষয়েও রাজ্য সরকারের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। কমিশনের মুখ্য নির্বাহী আধিকারিক (সিইও) রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন—নোডাল অফিসার কে থাকছেন, কোন এলাকায় কতগুলি বুথ রয়েছে এবং সেগুলির বর্তমান অবস্থা কী। কমিশন সূত্রের খবর, ভোটগ্রহণের আগে পরিকাঠামো সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। সব মিলিয়ে আসন্ন নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতিতে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।