আবহাওয়া ও রাস্তার পরিস্থিতি অনুকূল হলেই চূড়ান্তভাবে উদ্ধার অভিযান শুরু করা হবে। আপাতত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে এবং সরকারি নির্দেশিকা মেনে চলার কথা বলা হয়েছে।

বিধ্বস্ত সিকিম। ভেঙে গেছে সেতু।
শেষ আপডেট: 6 April 2026 11:55
দ্য ওয়াল ব্যুরো: বর্ষা (Monsoon) এখনও শুরুই হয়নি, কিন্তু তার আগেই সিকিমে প্রকৃতির রুদ্ররূপ (Sikkim Disaster)। পাহাড়ি রাস্তায় ধস নেমে বিপাকে পড়েছেন শতাধিক পর্যটক (Tourist Stranded)। উত্তর সিকিমের মাঙ্গান জেলার লাচেন (Lachen) এলাকায় প্রায় ৮০০ জন পর্যটক বর্তমানে কার্যত আটকে রয়েছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লাচেন ও চুংথাংকে যুক্ত করা গুরুত্বপূর্ণ সড়কের একটি বড় অংশ ভেঙে পড়েছে। বিশেষ করে তারুম চু সেতুর কাছে এই ভাঙনের ঘটনা ঘটায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে লাচেনে থাকা পর্যটকেরা আর বাইরে বেরোতে পারছেন না।
পরিস্থিতির গুরুত্ব বুঝে জেলা প্রশাসন দ্রুত ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে। পাশাপাশি পর্যটকদের আপাতত নিরাপদ জায়গায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে কোনওরকম যাতায়াত না করার জন্যও কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিনগুলোতে আবহাওয়ার আরও অবনতি হতে পারে, ফলে ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সোমবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হতে পারে। সম্ভাব্য উদ্ধারপথ হিসেবে লাচেন থেকে ডংকিয়া লা হয়ে লাচুং হয়ে গ্যাংটকে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে।
এই উদ্ধারকাজে একাধিক সংস্থা একযোগে কাজ করছে। জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় পুলিশ, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) এবং ভারতীয় সেনা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামত ও বরফ সরানোর কাজ চলছে, যাতে দ্রুত যোগাযোগ পুনরুদ্ধার করা যায়।
তবে প্রশাসন স্পষ্ট জানিয়েছে, আবহাওয়া ও রাস্তার পরিস্থিতি অনুকূল হলেই চূড়ান্তভাবে উদ্ধার অভিযান শুরু করা হবে। আপাতত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে এবং সরকারি নির্দেশিকা মেনে চলার কথা বলা হয়েছে।
জরুরি প্রয়োজনে সাহায্যের জন্য প্রশাসন হেল্পলাইন নম্বরও চালু করেছে—৯৯০৭৯৫৬৭০৫ এবং ০৩৫৯২২৮১০০৭।