কালো পোশাক পরে রবিবার পরীক্ষা দিতে এসেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডল সহ আরও অনেককে কালো জামা বা পাঞ্জাবি পরে পরীক্ষাকেন্দ্র আসতে দেখা গেছে।
.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 7 September 2025 11:29
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর আজ, রবিবার নতুন নিয়মে এসএসসি-র (SSC) প্রথম দফার লিখিত পরীক্ষা (Written Exam)। প্রায় ন’বছর পর এই পরীক্ষার আয়োজন ঘিরে নতুন করে আশার আলো দেখছেন প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থী। কিন্তু এই পরীক্ষাকে 'অসম লড়াই' বলে অভিহিত করছেন যোগ্য চাকরিহারারা (Jobless Teachers)। তাই হয়তো পরীক্ষা দিতে এসেও অভিনব প্রতিবাদ (Protest) করছেন।
কালো পোশাক (Black Clothes) পরে রবিবার পরীক্ষা দিতে এসেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডল সহ আরও অনেককে কালো জামা বা পাঞ্জাবি পরে পরীক্ষাকেন্দ্র আসতে দেখা গেছে। তাঁদের বক্তব্য, পরীক্ষা দিতে এসে তাঁরা এমন অনেককে দেখছেন যাঁরা ছাত্র। কোনও কোনও সহকর্মী বা ছাত্র ইনভিজিলেটর হিসেবেও থাকবেন। এই বিষয়টিই তাঁদের মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে।
যোগ্য চাকরিহারারা বলছেন, 'বাংলার শিক্ষা ব্যবস্থার ওপর ভরসা নেই। রাজ্য সরকার বা শিক্ষা দফতরের যদি সদিচ্ছা থাকত তাহলে আজকে এই অবস্থা হত না। যোগ্য চাকরিহারাদের নবাগত বা কম বয়সি ছাত্রদের সঙ্গে পরীক্ষা দিতে হচ্ছে। এটা অসম লড়াই। আর যদি এরপরও চাকরি না পাই, তাহলে মানসিক অবস্থা কী হবে সেটা ভেবে দেখার বিষয়।'
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছিল। এরপর আদালতের নির্দেশেই ফের নতুন পরীক্ষা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে কমিশন। আদালতের নির্দেশ অনুযায়ী, এঁদের কেউই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।
দুই ধাপে মিলিয়ে স্বাভাবিকভাবেই এই পরীক্ষা রাজ্য প্রশাসনের কাছেও এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসএসসি নতুন পরীক্ষাবিধি জারি করেছে, যাতে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় থাকে।
দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হবে। তবে অনেক প্রার্থীর অ্যাডমিট কার্ডে ত্রুটির অভিযোগ এসেছে। এ প্রসঙ্গে এসএসসি জানিয়েছে, যাঁদের অ্যাডমিটে বিভ্রান্তি আছে, তাঁদের সকাল ১০টার মধ্যে কেন্দ্রের ভিতরে ঢুকতে হবে এবং সঙ্গে আনতে হবে আধার কার্ড বা ভোটার কার্ড। প্রয়োজনে প্রার্থীর স্বাক্ষরযুক্ত আধার কপিও গ্রহণ করা হবে।
অন্যদিকে, পরীক্ষার আগেই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন বিক্রির অভিযোগ তোলেন। যদিও শুভেন্দুর এই প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি জানিয়েছে, দু'টি পরীক্ষার সব প্রশ্নপত্রই সুরক্ষিত রয়েছে।