আলিপুর হাওয়া অফিস জানাল, পুজোর আগে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে ২-৪ ডিগ্রি, বাড়বে অস্বস্তি। উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া
শেষ আপডেট: 7 September 2025 09:51
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ— দু’জায়গাতেই পাল্টাচ্ছে আবহাওয়ার ছবি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে রয়েছে ওড়িশায়। আগামী সপ্তাহের মাঝামাঝি এটি ফের বাংলায় প্রবেশ করবে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।
আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা বেড়ে যাবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে।
সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে গরম ও অস্বস্তি জারি থাকবে। উইকেন্ডে বৃষ্টি কমলেও অস্বস্তি আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে আজ ও কাল তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। তবে দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে থাকবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে বুধবার পর্যন্ত আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কিছুটা কমে আসবে।