প্রায় ৯ বছর পর ফের হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা। ৩৫,৭৫২ শূন্যপদে নিয়োগের জন্য কড়া নিয়ম জারি— সকাল ১০টার মধ্যেই পৌঁছতে হবে কেন্দ্রে।

এসএসসি
শেষ আপডেট: 7 September 2025 09:09
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ আইনি টানাপোড়েন, একাধিক বিতর্ক আর আদালতের দরবার পেরিয়ে অবশেষে ফের হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা। প্রায় ন’বছর পর এই পরীক্ষার আয়োজন ঘিরে নতুন করে আশার আলো দেখছেন প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থী। তবে সঙ্গে প্রশ্নও উঠছে— এত কড়াকড়ি নিয়মের পরেও কি সবরকম বিতর্ক এড়ানো যাবে?
ইলেকট্রনিক জিনিসপত্র বা মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ, এমনকি ভেন্যু ইনচার্জদের জন্যও।
পরীক্ষার তোরজোড়ে ব্যস্ত রাজ্য
কলকাতা থেকে জেলা— সর্বত্রই পরীক্ষার প্রস্তুতি চলছে পুরোদমে। কেউ ভোরে, কেউ আরও আগে রওনা দিচ্ছেন যাতে সময়মতো পৌঁছনো যায়। বাস-ট্রেনে ভিড় বাড়ছে। শুধু পূর্ব বর্ধমানেই রয়েছে ৩০টি কেন্দ্র, পরীক্ষার্থী সংখ্যা ১৫,২৪৩।
জেলা প্রশাসন সেজন্য আলাদা কন্ট্রোল রুম খুলেছে। পূর্ব মেদিনীপুরে পরীক্ষার্থী আরও বেশি— ৪০,৪০০ জন। এর মধ্যে নবম-দশম শ্রেণির জন্য ২১,২৫৫ জন এবং একাদশ-দ্বাদশের জন্য ১৯,১৪৫ জন। এখানে মোট ৩৫টি কেন্দ্র তৈরি করা হয়েছে। সব মিলিয়ে, প্রায় এক দশক পর এসএসসি পরীক্ষা ফের আশার আলো দেখাচ্ছে লক্ষাধিক চাকরিপ্রার্থীকে।