মালদহের (Malda TMC Leader) মালতিপুর বিধানসভার এনায়েতনগরে ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন আব্দুর রহিম বক্সী।

হুঁশিয়ারি তৃণমূল নেতার
শেষ আপডেট: 6 September 2025 23:43
দ্য ওয়াল ব্যুরো: মালদহের তৃণমূল নেতার মুখে 'কুকথা'। বাঙালিদের রোহিঙ্গা বললে পরিণতি ভাল হবে না! বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢেলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির (TMC Leader Warns BJP MLA)। এই মন্তব্যের জেরে চরম বিতর্কে জেলা তৃণমূল নেতৃত্ব।
মালদহের (Malda TMC Leader) মালতিপুর বিধানসভার এনায়েতনগরে ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন আব্দুর রহিম বক্সী। অনুমান করা হচ্ছে, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (Sankar Ghosh) নাম না করেই এই আক্রমণ শানিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে বিধানসভায় বাঙালি শ্রমিকদের 'রোহিঙ্গা', 'বাংলাদেশি' নামে আখ্যা দেওয়ার অভিযোগ উঠেছে।
একইসঙ্গে তাঁর আরও অভিযোগ, 'বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকরা আক্রান্ত হলেও বাংলায় বিজেপির নেতা-বিধায়করা প্রতিবাদ করেন না।'
এই প্রথম নয়, এর আগেও বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছিল আব্দুর রহিম বক্সীর মুখে। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে বিজেপি নেতাদের চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এক সভা থেকেই তিনি বলেছিলেন, “যে চোখ দিয়ে বাংলার মানুষকে বাংলাদেশি ভাবছে বিজেপি (BJP leaders), সেই চোখ উপড়ে নেওয়া হবে!”
দিন কয়েক আগেই বিজেপি শাসিত রাজ্য ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক নির্যাতনের খবর সামনে এসেছিল। অভিযোগ, শুধু বাংলায় কথা বলার অপরাধেই তাঁকে প্রথমে স্থানীয়রা বেধড়ক মারধর করে। এখানেই থামেনি নির্যাতন। থানায় নিয়ে গিয়ে পুলিশও নাকি তাঁকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় শেষ পর্যন্ত কোনওমতে নিজের গ্রামে ফিরে আসেন ওই যুবক।
ভিনরাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব হয়েছে শাসক দল তৃণমূল। সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) বিষয়ে একটি জনস্বার্থ মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বলা হয়েছে, একটি নির্দিষ্ট ভাষা বলার জন্য কাউকে বিদেশি বলা যায় না। এই ইস্যুতে দেশের শীর্ষ আদালতের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, সীমান্ত রাজ্য হিসেবে বাংলার ঐতিহাসিক ভূমিকার স্বীকৃতি দেশের সর্বোচ্চ আদালতে দিয়েছে।
প্রসঙ্গত, ভিন রাজ্যে বাঙালিদের উপর লাগাতার হেনস্থার অভিযোগ উঠছে। এর প্রতিবাদে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার ঘোষণা করেছে ‘শ্রমশ্রী প্রকল্প’। ভিনরাজ্য থেকে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের ৫ হাজার টাকা করে মাসিক ভাতা, স্বাস্থ্যসাথী, আবাস যোজনা, পড়াশোনার সহায়তা সহ একাধিক সুযোগের কথা জানানো হয়েছে।