ঘটনার পর স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ। বরং বিনয়কেই থানায় তুলে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 31 August 2025 17:37
দ্য ওয়াল ব্যুরো: ওড়িশায় গিয়ে কাজ করতে গিয়ে চরম নির্যাতনের শিকার হলেন মালদহের এক পরিযায়ী শ্রমিক (Migrant Worker Harrased)। অভিযোগ, শুধু বাংলায় কথা বলার অপরাধেই তাঁকে প্রথমে স্থানীয়রা বেধড়ক মারধর করে। এখানেই থামেনি নির্যাতন। থানায় নিয়ে গিয়ে পুলিশও নাকি তাঁকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় শেষ পর্যন্ত কোনওমতে নিজের গ্রামে ফিরে আসেন ওই যুবক। ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী।
আক্রান্ত শ্রমিকের নাম বিনয় বেসরা। তিনি মালদহ (Malda) জেলার গাজোল থানার চিলিমপুর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, প্রায় পনেরো দিন আগে কাজের খোঁজে ওড়িশার (Odisha) চন্দ্রপুর এলাকায় গিয়েছিলেন তিনি। সেখানেই একটি জায়গায় অন্য শ্রমিকদের সঙ্গে থাকতেন। অভিযোগ, বাংলায় কথা বলার সময় হঠাৎ গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে বাংলাদেশি বলে অভিযুক্ত করে নির্মমভাবে মারধর করে।
ঘটনার পর স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ। বরং বিনয়কেই থানায় তুলে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। দুই পায়ের পাতায় মারধরের ফলে তিনি হেঁটে চলার ক্ষমতা হারান। পরে তাঁকে ছেড়ে দেওয়া হলে তিনি কোনওমতে মালদহে নিজের বাড়িতে ফেরেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
এই ঘটনায় আতঙ্কিত তাঁর পরিবার। এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আক্রান্ত শ্রমিককে নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সাংবাদিক বৈঠক করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, কেন্দ্রীয় সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
অন্যদিকে, গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেছেন, ওড়িশায় বাংলায় কথা বলার কারণে শ্রমিককে হেনস্থা করা হয়েছে, এই অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। তাঁর মতে, এটি বিরোধীদের রাজনৈতিক চক্রান্ত।
ভিনরাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব হয়েছে শাসক দল তৃণমূল। সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) বিষয়ে একটি জনস্বার্থ মামলায় শুক্রবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বলা হয়েছে, একটি নির্দিষ্ট ভাষা বলার জন্য কাউকে বিদেশি বলা যায় না। এই ইস্যুতে দেশের শীর্ষ আদালতের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, সীমান্ত রাজ্য হিসেবে বাংলার ঐতিহাসিক ভূমিকার স্বীকৃতি দেশের সর্বোচ্চ আদালতে দিয়েছে।