সোমবার মালদহের জালালপুরের সভা থেকে তাঁর হুঁশিয়ারি, “যে চোখ দিয়ে বাংলার মানুষকে বাংলাদেশি ভাবছে বিজেপি (BJP leaders), সেই চোখ উপড়ে নেওয়া হবে!”

আব্দুর রহিম বক্সী।
শেষ আপডেট: 19 August 2025 13:03
দ্য ওয়াল ব্যুরো: ভিন রাজ্যে বাঙালি হেনস্থার (Bengalis harassed in other states) প্রতিবাদে এবার কড়া প্রতিক্রিয়া জানালেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী (Maldah, TMC leader)। বিজেপি নেতাদের (BJP leaders) হুঁশিয়ারি দিয়ে বললেন, বাংলার মানুষকে বাংলাদেশি বললে মেরে চোখ উপড়ে নেব।
সোমবার মালদহের জালালপুরের সভা থেকে তাঁর হুঁশিয়ারি, “যে চোখ দিয়ে বাংলার মানুষকে বাংলাদেশি ভাবছে বিজেপি (BJP leaders), সেই চোখ উপড়ে নেওয়া হবে!”
সরাসরি বিজেপিকে নিশানা করে আব্দুর রহিমের মন্তব্য, “মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে বিজেপি বাংলার পরিযায়ী শ্রমিকদের বিপদের দিকে ঠেলে দিচ্ছে। অপমান করছে গোটা বাঙালি জাতিকে।” সেকারণেই তাঁর এই হুঁশিয়ারি বলেও দাবি করেন তিনি।
সম্প্রতি রাজস্থানে কালিয়াচকের বাসিন্দা আমির শেখকে ‘বাংলাদেশি’ বলে ধরে পাঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে সে রাজ্যের পুলিশের বিরুদ্ধে । পরে রাজ্যের উদ্যোগেই তাঁকে ফেরানো হয় পশ্চিমবঙ্গে। সোমবারের সভা থেকেই সেই আমির শেখকে সংবর্ধনা দেওয়া হয়।
সেই সংবর্ধনা মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান জেলা সভাপতি। একই সঙ্গে দক্ষিণ মালদহের সাংসদকে কটাক্ষ করে তিনি বলেন, “সাংসদ নয়, রাজ্য সক্রিয় হয়েছিল বলেই আমিরকে ফেরানো সম্ভব হয়েছে। যাঁরা গায়ে ‘সাংসদ’ পদ লাগিয়ে ঘুরছেন, তাঁরা কোনও ভূমিকাই নেননি।”
প্রসঙ্গত, ভিন রাজ্যে বাঙালিদের উপর লাগাতার হেনস্থার অভিযোগ উঠছে। এর প্রতিবাদে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার ঘোষণা করেছে ‘কর্মশ্রী প্রকল্প’। ভিনরাজ্য থেকে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের ৫ হাজার টাকা করে মাসিক ভাতা, স্বাস্থ্যসাথী, আবাস যোজনা, পড়াশোনার সহায়তা সহ একাধিক সুযোগের কথা জানানো হয়েছে।
তারই মধ্যে তৃণমূল নেতার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। বিজেপির দক্ষিণ মালদহ জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের পাল্টা জবাব, “তৃণমূলে টিকে থাকতে আব্দুর রহিম বক্সীরা এসব উগ্র মন্তব্য করছেন। মানুষ সব দেখছে, বিচারও করবে।”