সম্প্রতি রায়গঞ্জের বিভিন্ন গ্রামের পুকুরে কুমিরের দেখা মিলেছিল, যা থেকে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।

ফাইল ছবি।
শেষ আপডেট: 19 August 2025 11:37
দ্য ওয়াল ব্যুরো: সুন্দরবনে (Sundarban) কুমিরের সংখ্যা আরও বাড়ল (Crocodile Increased)! সুন্দরবন টাইগার রিজার্ভের প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে (Government Reports), ২০২৪-’২৫ সালের সমীক্ষা অনুযায়ী আনুমানিক ২৪২টি কুমির রয়েছে সুন্দরবনে। এর আগে সংখ্যাটি ছিল ২০৪ থেকে ২৩৪-এর মধ্যে।
ডাইরেক্ট ও ইনডাইরেক্ট সাইটিং-এর ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সমীক্ষার সময় যা চোখে পড়েছে, তার বাইরেও আরও কুমির থাকতে পারে। কারণ সমীক্ষার সময় সব প্রাণীকে ধরা সম্ভব হয় না।
বন দফতর সূত্রের খবর, গতবছর ডিসেম্বর এবং এই বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির তিনদিন ধরে নদী-খাঁড়ি মিলিয়ে প্রায় ১১৬৮ কিলোমিটার এলাকা জুড়ে এই সমীক্ষা চালানো হয়। বনকর্মীরা খালি চোখে দেখা, ট্র্যাপ ক্যামেরার ছবি এবং কাদায় কুমিরের ছাপ দেখে সংখ্যা নির্ণয় করেছেন।
সবচেয়ে বেশি কুমির দেখা গিয়েছে রায়দিঘি রেঞ্জে। সজনেখালি এবং ন্যাশনাল পার্ক পশ্চিম এলাকাতেও ভাল সংখ্যায় কুমিরের অস্তিত্ব ধরা পড়েছে। প্রসঙ্গত, সম্প্রতি রায়গঞ্জের বিভিন্ন গ্রামের পুকুরে কুমিরের দেখা মিলেছিল, যা থেকে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।
বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, কুমির সাধারণত এমন জায়গায় বাসা বানায় যেখানে সবসময় জল থাকে না। ডিম ফুটে বাচ্চা বেরনোর পর মা কুমির চার থেকে ছ’মাস পর্যন্ত তাদের খেয়াল রাখে। এরপর তারা নিজেরাই জলে চলে যায়।
বন আধিকারিকদের মতে, জলের নোনাভাব বেড়ে গেলে কুমিরের আবাসস্থল প্রভাবিত হয়। তবে এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। টাইগার রিজার্ভ কর্তৃপক্ষের দাবি, অন্তত আরও দু’বছর ধারাবাহিকভাবে শুমারি চালানো গেলে কুমিরের সংখ্যা বৃদ্ধির বা হ্রাসের স্পষ্ট ট্রেন্ড বোঝা সম্ভব হবে।