মু্র্শিদাবাদ, ভাঙড়ের মতো সেখানেও আক্রান্ত হয়েছিল পুলিশ, ভাঙচুর হয়েছিল দোকানপাট-গাড়ি।

শওকত মোল্লা এবং শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 19 June 2025 19:32
দ্য ওয়াল ব্যুরো: শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) চোর কেন, ডাকাত বললেও তিনি অবাক হবেন না! রাজ্যের বিরোধী দলনেতাকে খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক (TMC MLA) শওকত মোল্লা (Saokat Molla)। তাঁর এও বক্তব্য, আগামী দিনে তাঁর বিরুদ্ধে রাজ্যের মা-বোনেরা রাস্তায় নামবেন।
মহেশতলায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় (Maheshtala) উত্তাল হয়েছিল রাজ্য। মু্র্শিদাবাদ, ভাঙড়ের মতো সেখানেও আক্রান্ত হয়েছিল পুলিশ, ভাঙচুর হয়েছিল দোকানপাট-গাড়ি। বিজেপি এই ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা করে পথেও নেমেছিল। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহেশতলা গেছিলেন। তবে সেখানে তাঁকে চোর-চোর স্লোগান শুনতে হয়।
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে শওকত বলেন, ''বাংলার সবথেকে বড় চোর শুভেন্দু অধিকারী। বাংলার মানুষ ঠিকই বলছেন। মহেশতলার মা-বোনেদের আমি ধন্যবাদ জানাব। তিনি নিজে বাঁচার জন্য বিজেপিতে গেছেন। এখন গোটা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন।'' তৃণমূল বিধায়কের খোঁচা, এরপর থেকে যেখানে যেখানে শুভেন্দু যাবেন, সেখানেই তাঁকে চোর-চোর স্লোগান শুনতে হবে। এমনকী তাঁকে যদি ডাকাতও বলা হয়, তিনি অবাক হবেন না।
মহেশতলা পরিদর্শনে গিয়ে শুভেন্দু দাবি করে বলেছিলেন, ''এখানে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে। আর গোটা রাস্তা জুড়ে অসভ্যতামির চূড়ান্ত।'' একই সঙ্গে জানান, নেচারস পার্ক থেকে মহেশতলা পর্যন্ত তিনি ভিডিও করেছেন। সেই ভিডিও কলকাতা হাইকোর্টে জমা দেবেন। বিরোধী দলনেতার নিজের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে তাঁকে কটাক্ষ করেছেন শওকত মোল্লা।
তৃণমূল বিধায়ক বলছেন, ''শুভেন্দু নিজে কীভাবে কথা বলেন, সংবাদমাধ্যমের সামনে কী আচরণ করেন, তা আগে দেখা উচিত। তিনি প্রতিদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন, অপমান করেন। বাংলার মানুষ আগামীদিনে এর জবাব দেবেন। মা-বোনেরা এর বিরুদ্ধে রাস্তায় নামবেন।''
গত ১১ জুন ফলের দোকান বসানো নিয়ে বিবাদ শুরু হওয়ার পর রণক্ষেত্রর চেহারা নিয়েছিল মহেশতলা এলাকা। গোষ্ঠী সংঘর্ষ থেকে পুলিশের ওপর হামলা সবই হয়। এলাকার বেশ কয়েকটি বাড়ি এবং দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘটনার পর মহেশতলা যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল শুভেন্দু অধিকারী। তাঁকে শর্তসাপেক্ষে অনুমতি দেয় আদালত। তারপর তিনি সেখানে যান।