শুভেন্দু বলেন, গত কয়েকদিনে ১২টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কলকাতায়। আগুন লাগছে না লাগানো হচ্ছে, এই প্রশ্ন তুলেছেন তিনি।

শুভেন্দু অধিকারী এবং ফিরহাদ হাকিম
শেষ আপডেট: 19 June 2025 13:13
দ্য ওয়াল ব্যুরো: খিদিরপুর বাজারের অগ্নিকাণ্ড (Khidirpur Fire Incident) নিয়ে রাজ্য সরকারকেই নিশানা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সরাসরি অভিযোগ ছিল, এটি 'ম্যান মেড' ঘটনা। পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছিল বাজারে। বৃহস্পতিবার বিধানসভায় (Bidhansabha) ফের এই ইস্যুতে মুখ খোলেন শুভেন্দু। তাঁর বক্তব্যের পাল্টা দেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
বিধানসভায় শুভেন্দু বলেন, গত কয়েকদিনে ১২টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কলকাতায়। আগুন লাগছে না লাগানো হচ্ছে, এই প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি এসব ঘটনা রুখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এস ও পি তৈরি এবং বরাদ্দ বাড়ানোর দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতা। একই সঙ্গে তাঁর অভিযোগ, গত ১৪ বছরে অগ্নিকাণ্ডে ১৫০ জন মারা গেছেন। দমকলের কাছে ৩৫০ ইঞ্জিন আছে, ১৫০ দমকল কেন্দ্র আছে। কিন্তু তা পর্যান্ত নয়।
শুভেন্দুর কথায়, গড়ে ২ হাজারের বেশি দমকল কেন্দ্র দরকার। এদিকে কলকাতায় মাত্র ১৮টি আছে। আধুনিক মেশিনারি নেই, বাধ্যতামূলক মহড়া দেখা যায় না। যথাযথ বাস্তবায়নের অভাব রয়েছে। এই প্রসঙ্গে আবার শুভেন্দুর পাল্টা দেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
মন্ত্রীর বক্তব্য, ''একটা কমিটি আছে। আমি তার চেয়ারম্যান। শুধু সরকারের দোষ দিয়ে লাভ নেই। যথাযথ জয়গায় মানুষের সচেতনতা কমেছে। মানুষকে আগে সরানো হয়েছে তারপর অগ্নিকাণ্ড হয়েছে, এমন ঘটনা নেই। বরং মানুষকে পুনর্বাসন দিতে আমাদের অসুবিধা হচ্ছে।'' শুভেন্দুর অভিযোগ করার সময়ে মেছুয়া, শরৎ বোস রোডের অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলেছিলেন। দোষারোপ করেছিলেন প্রমোটিংকেও। মেয়রের কথায়, মেছুয়াতে হঠাৎ করে ভেতরে নির্মাণ চলছিল, তাঁদের না জানিয়ে। প্রমোটিংয়ের কারণ নেই।
খিদিরপুরের ঘটনাস্থল পরিদর্শন করতে গেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়ে তাঁর বক্তব্য ছিল, ''ঘটনাস্থলে এসেই মুখ্যমন্ত্রী বলেছিলেন দোকানের জন্য জায়গা ঠিক করা আছে। অর্থাৎ গোটা এলাকা বেচে দিয়েছেন। তৃণমূল মানে এখন মা-মাটি-মানুষ নয়, টাকা-মারা-কোম্পানি।'' তখনই জানিয়েছিলেন, গোটা বিষয়টি বিধানসভায় (Bidhansabha) উত্থাপন করবেন।
অভিযোগ যাই হোক, খিদিরপুরে কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে, দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট কিংবা দাহ্য বস্তু থেকেই আগুন লেগেছে।