মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শহরবাসীর উৎসাহকে আরও বাড়িয়ে দেবে এবং আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করা হচ্ছে।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 10 November 2025 16:22
দ্য ওয়াল ব্যুরো: শিলিগুড়ি পেতে চলেছে নতুন এক ক্রিকেট স্টেডিয়াম, যে স্টেডিয়াম হবে রিচা ঘোষের নামে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় এক প্রশাসনিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সদ্য বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তারপর থেকেই একের পর এক সংবর্ধনায় ভাসছেন সেই দলের প্রতিটা ক্রিকেটার। স্মৃতি মান্ধানা থেকে জেমাইমা, হরমনপ্রীত থেকে রিচা ঘোষ, প্রত্যেকেই তাঁর নিজ নিজ রাজ্যে বিজয়ী বীরের সম্মান পাচ্ছেন। শিলিগুড়ির রিচা ঘোষ(Richa Ghosh) তাঁর শহরে ফিরলে একদফা সংবর্ধনা দেওয়া হয় তাঁকে। তারপর কলকাতার ইডেন গার্ডেনে সিএবি এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও সংবর্ধনা দেওয়া হয় রিচাকে। ইতিমধ্যেই রাজ্য সরকার এই বিশ্বজয়ী বাঙালি ক্রিকেটারকে রাজ্য পুলিশের সান্মানিক ডিএসপি পদ দিয়েও সন্মানিত করেছে। এবার আরও এক কদম এগিয়ে রিচার নামেই নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম গড়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন শিলিগুড়ির উত্তরকন্যায় এক প্রশাসনিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী জানান, শিলিগুড়ির অদুরে চাঁদমুনি চা-বাগানের ২৭ একর জমি নিয়ে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হবে। মুখ্যমন্ত্রীই বলেন, 'ওঁর (রিচা ঘোষ) উদ্দেশে আমি এখানে একটা ক্রিকেট স্টেডিয়াম করতে চাই, যাতে মানুষ ওঁর পারফরম্যান্স মনে রাখে আর ভবিষ্যতে অনুপ্রাণিত হয়।' মুখ্যমন্ত্রী জানিয়ে দেন শিলিগুড়ির মেয়র যেন এই জমি(চাঁদমুনি চা-বাগান) ক্রিকেট স্টেডিয়াম করার জন্য যা যা প্রয়োজন সেটা করেন। প্রসঙ্গত বাম আমলে শিলিগুড়িতে 'কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম' গড়ে তোলা হয়েছিলো উত্তরবঙ্গে খেলাধুলার প্রসারের জন্য। যদিও এই স্টেডিয়ামে প্রায় সব ধরনের খেলাধুলাই হয়। কিন্তু শুধুমাত্র ক্রিকেটের জন্য আলাদা কোনও স্টেডিয়াম উত্তরবঙ্গে ছিল না। ফলে 'রিচা ক্রিকেট স্টেডিয়াম' নামে আলাদা নতুন স্টেডিয়াম তৈরি হলে তা উত্তরবঙ্গের জন্য আলাদা মাইলফলক হবে, সেটা এখন থেকেই বলা যায়। বাঙালির গর্ব রিচা নিজেও কিন্তু গর্ব করতে পারেন শুধু এই ভেবে যে আর কোনও রাজ্য তাঁদের রাজ্যের ক্রিকেটারের নামে এমন স্টেডিয়াম করার কথা না জানালেও পশ্চিমবঙ্গে তাঁর (রিচা ঘোষ) নামে আস্ত একটা স্টেডিয়াম হতে চলেছে।
গত শুক্রবার শিলিগুড়িতে ফিরে রিচা নিজেও জানিয়েছিলেন, শুধু ক্রিকেট নয়, সকল খেলাধুলার জন্য উন্নত স্টেডিয়ামের প্রয়োজন, যাতে ভবিষ্যতে আরও অনেক প্রতিভাবান ক্রীড়াবিদ আত্মপ্রকাশ করতে পারে।
শিলিগুড়ির মানুষ ইতিমধ্যেই রিচাকে বরণ করেছে ঢাক-ঢোল ও শোভাযাত্রায়, আর এবার রিচার নামে স্টেডিয়ামের ঘোষণায় নতুন এক ইতিহাসের সূচনা হল। এছাড়া মুখ্যমন্ত্রী আরও জানান, মহাকাল মন্দির নির্মাণের জন্য ১৭ একর জমি বরাদ্দ করা হয়েছে এবং দ্রুত নির্মাণকাজ শুরু হবে।
রিচা ঘোষ ২২ বছর বয়সেই এক দিনের ক্রিকেটে বিশ্বসেরা হয়েছেন এবং তাঁর সাফল্য শুধুমাত্র শিলিগুড়ি নয়, সমগ্র ভারতের নারী ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শহরবাসীর উৎসাহকে আরও বাড়িয়ে দেবে এবং আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করা হচ্ছে।