সম্প্রতি বরানগরে স্বর্ণ ব্যবসায়ী শংকর জানাকে খুন করে তার দোকান লুটের পর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে স্বর্ণ ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারছেন না এমন অভিযোগই বারবার আসছিল পুলিশের কাছে।

শেষ আপডেট: 8 October 2025 19:23
বরাহনগরে স্বর্ণ ব্যবসায়ী শংকর জানা খুন করে ও তাঁর দোকানে ডাকাতির পর নড়েচড়ে বসেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। আতঙ্কিত স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তরফে নেওয়া হয়েছে একাধিক নতুন পদক্ষেপ। স্বর্ণ ব্যবসায়ীদের অত্যাধুনিক প্রযুক্তির সিসি ক্যামেরা লাগানোর পরামর্শ দিয়েছে পুলিশ।
সম্প্রতি বরানগরে স্বর্ণ ব্যবসায়ী শংকর জানাকে খুন করে তার দোকান লুটের পর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে স্বর্ণ ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারছেন না এমন অভিযোগই বারবার আসছিল পুলিশের কাছে। শুধু বরাহনগর নয় এর আগেও ব্যারাকপুরের একাধিক সোনার দোকানকে টার্গেট করেছে দুষ্কৃতীরা। ব্যারাকপুরে এক স্বর্ণ ব্যবসায়ীকে দোকানে ঢুকে খুন করার ঘটনাও ঘটেছিল। এবারও ভরদুপুরে দোকানের ভিতরে ঢুকে ব্যবসায়ীর হাত পা বেঁধে তাকে খুন করে দোকান লুট করে দুষ্কৃতীরা। ঘটনার পরই নড়েচড়ে বসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।
বুধবার বাসুদেবপুর থানায় স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক বৈঠক করেন কমিশনারেটের এক শীর্ষ আধিকারিক, থানার ওসি-সহ অন্যান্য পুলিশ কর্তারা। বৈঠকে স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে অত্যাধুনিক আইপি প্রযুক্তির সিসি ক্যামেরা লাগানোর পরামর্শ দেওয়া হয়, যাতে ফুটেজ সরাসরি গুগল সার্ভারে সেভ থাকে। পাশাপাশি যে কোনও সন্দেহজনক গতিবিধি বা পরিস্থিতি লক্ষ্য করলে দ্রুত থানাকে খবর দিতে বলা হয়েছে ব্যবসায়ীদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেবল বরাহনগর নয়, এর আগেও ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক সোনার দোকান দুষ্কৃতীদের টার্গেটে হয়েছে। বৈঠকে উপস্থিত ব্যবসায়ীরা জানান, বারবার এই ধরনের ঘটনার ফলে তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তবে পুলিশের উদ্যোগে তাঁদের আস্থা কিছুটা ফিরে এসেছে। তাঁদের আশা—আগামী দিনে আর কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, এবং স্বাভাবিকভাবে ব্যবসা চালাতে পারবেন তাঁরা।