রিওকে না পেলেও পাঁচ মাস আগে হারিয়ে যাওয়া চিঙ্কুকে পেয়েছেন।

ছবি: AI
শেষ আপডেট: 1 August 2025 13:56
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পান্ডুয়ার মলয় মজুমদারের হারায়ে খুঁজির গল্পে নয়া মোড়। আফ্রিকান তোতা হারিয়েছেন তিনি। খুঁজে পেলেন দক্ষিণ আমেরিকান তোতা। রিওর বদলে ধরা দিল চিঙ্কু। (Hooghly News)
পান্ডুয়া স্টেশন রোডের বাসিন্দা মলয় মজুমদারের পাখি পোষার শখ অনেক দিনের। বিদেশী নানা প্রজাতির পাখি রয়েছে তার সংগ্রহে। বেশ কিছুদিন আগে একটি আফ্রিকার তোতো, (African Parrot) আদর করে যার নাম রেখেছিলেন "রিও", সে হারিয়ে যায়। তার খোঁজে টোটো নিয়ে মাইক প্রচার চালান তিনি। বিভিন্ন জায়গায় পোস্টার লাগান। রিওর সন্ধান দিতে পারলে দশ হাজার টাকা পুরস্কার ঘোষণাও করেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত টোটো করে মাইক প্রচার করে দিন কাটছে মলয়বাবুর।
তবে রিওকে (Parrot Rio)না পেলেও পাঁচ মাস আগে হারিয়ে যাওয়া চিঙ্কুকে পেয়েছেন। মলয় মজুমদার জানান, বছর খানেক আগে দুটি দক্ষিণ আমেরিকান "সানকুনুর" তোতা নিয়ে আসেন। যাদের নাম রাখেন চিঙ্কু ও মিঙ্কু। খাঁচা থেকে মাস পাঁচেক আগে তারা উড়ে যায়। তাদেরও খোঁজ করেছেন, কিন্তু পাননি। অবশেষে রিওকে খুঁজতে গিয়ে পান্ডুয়ারই সাতঘরিয়ায় একজনের কাছে চিঙ্কুর খোঁজ পেয়ে যান। দু'হাজার টাকা দিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসেন।
মলয়বাবু বলেন, "চিঙ্কুকে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। এতদিন পর পাব ভাবতে পারিনি। ভেবেছিলাম হয়ত মারা গেছে। চিঙ্কুকে যখন পাওয়া গেছে আশা করি মিঙ্কু আর রিওকেও পাওয়া যাবে। রিওর মতো দেখতে একটি তোতার সন্ধান একজন দিয়েছে বাড়ি থেকে ছয় কিমি দূরে। কাল গিয়ে দেখব।"