পরিবারের দাবি, মন্দিরা আত্মহত্যা করতে পারে না। ঘটনাটি দুর্ঘটনাও নয়। এর পিছনে ষড়যন্ত্র রয়েছে।

শেষ আপডেট: 12 February 2026 15:04
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: একটি বহুতল আবাসন থেকে পড়ে গিয়ে এক নার্সের মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ল দুর্গাপুরে। পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে খুন করা হয়েছে ওই তরুণীকে।
বুধবার রাতে দুর্গাপুরের গোপালপুরে বহুতল একটি আবাসনের আটতলা থেকে পড়ে মৃত্যু হয় দুর্গাপুরের মলানদিঘি এলাকার একটি বেসরকারি হাসপাতালের নার্স মন্দিরা পালের। মন্দিরার বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১৯ নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন এলাকায়। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর একটি কলেজ থেকে জিএনএম নার্সিং কোর্সে লেখাপড়া করার পর প্রথমে বিষ্ণুপুরের একটি নার্সিংহোমে কাজে যোগ দেন মন্দিরা। বছর খানেক আগে দুর্গাপুরের মলানদিঘি এলাকার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসাবে কাজে যোগ দেন।
কয়েকজন সহকর্মীর সঙ্গে গোপালপুরের বহুতল একটি আবাসনে থাকতেন মন্দিরা। সরস্বতী পুজোর সময় শেষবার বাড়িতে এসেছিলেন। বুধবারও পরিবারের সঙ্গে টেলিফোনে কথা হয়। পরে হাসপাতালের তরফে জানানো হয় মন্দিরা গুরুতর অসুস্থ। পরিবারের লোকজনকে ডেকে পাঠানো হয়। খবর পেয়েই পরিবারের লোকজন দুর্গাপুরে ছুটে যান।
সেখানে যাওয়ার পর তাঁরা জানতে পারেন মন্দিরার মৃত্যু হয়েছে। খবর শুনে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। পরিবারের দাবি, মন্দিরা আত্মহত্যা করতে পারে না। ঘটনাটি দুর্ঘটনাও নয়। এর পিছনে ষড়যন্ত্র রয়েছে। ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিজনরা।
অবিলম্বে ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি তুলেছেন নার্সের পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করবে তারা। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। কথা বলা হচ্ছে নার্সের সহকর্মীদের সঙ্গে।